চীনে উড়ালসেতু ধসে নিহত তিন

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২১:০৯

 

চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংসুতে একটি উড়াল সেতু ধসের ঘটনায় তিন জন নিহত ও আরো দুই জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার উক্সি শহরের মহাসড়কে অবস্থিত ঐ সেতুটি ধসে পড়ে বলে চীনা বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

সেতুটির ভাঙা অংশ নিচের তিনটি গাড়ির ওপর পড়লে দুইটি গাড়িতে থাকা তিন জন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার সময় অপর গাড়িটিতে কেউ ছিল না বলে কর্মকর্তারা জানিয়েছেন। ধসে পড়ার সময় উড়াল সেতুটি থেকে তিনটি গাড়ি ও দুইটি ট্রাকও নিচে পড়ে যায়। জিয়াংসুর শহর ও যোগাযোগ মন্ত্রণালয় দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে বলে জানিয়েছে সিনহুয়া। দুর্ঘটনায় প্রাথমিকভাবে আট জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও কর্তৃপক্ষ পরে মৃতের সঠিক সংখ্যা তিন বলে জানায়।