রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে পুরো চট্টগ্রাম শহরের চেহারা সম্পূর্ণ পালটে গেছে। এমনভাবে রাস্তা খোঁড়াখুঁড়ি করছে যে একটিও ভালো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। চট্টগ্রাম সিটি করপোরেশন শহরের রাস্তা যানবাহন চলাচলের জন্য উপযুক্ত করে রাখা সত্ত্বেও তা ঠিক রাখা সম্ভব হচ্ছে না। চট্টগ্রাম শহরের রাস্তার দুরবস্থার কারণে নগরবাসী চরম কষ্টের মধ্যে আছেন। ভাঙা রাস্তা দিয়ে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। প্রায় প্রতিটি রাস্তায় বড়ো বড়ো গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। যানবাহনের যন্ত্রপাতির ক্ষতি হচ্ছে। যানবাহনের ধীর গতির কারণে প্রায় প্রতিটি রাস্তায় যানজট লেগে থাকছে। চট্টগ্রাম শহরে যানজটের কারণে নগরবাসীকে আরেক নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। বিশেষ করে অফিস টাইমে অফিসযাত্রীরা নির্ধারিত সময়ে অফিসে যেতে পারছে না। স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা বিলম্বে স্কুল-কলেজে পৌঁছাছে। বিশেষ করে বাস, ট্যাক্সি, টেম্পো, হিউম্যান হলারসহ বিভিন্ন যাত্রীবাহী যানবাহনকে যানজটের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
অপরদিকে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে রাস্তার পাশের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে। ব্যবসায়ীদেরকে লোকসান দিতে দিতে দেউলিয়া হয়ে যাচ্ছে। চট্টগ্রাম ওয়াসা বহদ্দারহাট থেকে কাপ্তাই রাস্তা পর্যন্ত পাঁচ/ছয় কিলোমিটার দীর্ঘ রাস্তার একপাশের রাস্তা খুঁড়ে ওয়াসার নতুন লাইন স্থাপন করার জন্য চার বছর আগে রাস্তা খোঁড়াখুঁড়ি শুরু করে। দীর্ঘ সময় ধরে এই খোঁড়াখুঁড়ি চলে। এখনো পর্যন্ত এই রাস্তা ঠিক হয়নি। চট্টগ্রাম ওয়াসা এক রাস্তা তিনবার করে খুঁড়ছে। একপাশ দিয়ে যানবাহন চলাচল করতে যেয়ে কালুঘাট সড়কে প্রতিদিন দীর্ঘ যানজট লেগে থাকে।
চট্টগ্রাম নগরবাসী চট্টগ্রাম ওয়াসার ধীর চলো নীতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। ওয়াসার কারণে নাগরিক যন্ত্রণা তারা আর সইতে চাইছে না। রাস্তাঘাটের অবস্থা খারাপ হলেও ওয়াসার খোঁড়াখুঁড়ি ছাড়াও চট্টগ্রাম শহরের বিশেষ গুরুত্বপূর্ণ অনেক রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়। বিশেষ করে আগ্রাবাদ এক্সেস রোড, পোর্ট কানেকটিং রোড, টোলরোড, নতুন ব্রিজ রোডসহ আরো অনেক রাস্তার বেহাল দশা হলেও দেখার কেউ নেই। আগ্রাবাদ এক্সেস রোড এবং পোর্ট কানেকটিং রোড বিশেষ গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এই রাস্তা সংস্কার করা হচ্ছে না দীর্ঘদিন ধরে। এসব রাস্তার উন্নয়নের কাজ শুরু হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত শেষ হচ্ছে না।
রাস্তা দ্রুত মেরামতের আশ্বাস মিললেও বাস্তবে কিছুই হচ্ছে না। এলাকার জনসাধারণ সরকারের ঊর্ধ্বতন কর্তাব্যক্তিদের কাছে অনুরোধ জানিয়েছেন তারা যেন সরেজমিনে এসে রাস্তার দুরবস্থা দেখে যান এবং রাস্তার কাজ দ্রুত শেষ করার ব্যবস্থা গ্রহণ করেন। চট্টগ্রাম শহরের যানজটের অন্যতম কারণ হলো শহরে চলাচলের জন্য রাস্তা কম। সেই পাকিস্তান আমলে নির্মিত রাস্তা দিয়ে এখনো যানবাহন চলাচল করছে। সরকার চট্টগ্রাম শহরের যানজট সমস্যা নিরসনে বেশ কিছু নতুন রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এগুলো বাস্তবায়িত হলে নগরীর যানজট সমস্যা নিরসন হতো। আশা করব বন্দরনগরী চট্টগ্রামের সৌন্দর্য বর্ধন এবং স্বাভাবিক চলাচলের স্বার্থে নগরীর রাস্তাঘাটের উন্নয়নে সরকার একটু তত্পর হবেন।
n লেখক :বীমা কর্মকর্তা
