হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি চাষে সাফল্য

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২১:২৮

কুমিল্লায় হাইড্রোপনিক পদ্ধতিতে মাটি বিহীন সবজি চাষে লোকজনের আগ্রহ বেড়েছে। বিশেষ করে কুমিল্লা নগরীর বাসা বা ফ্ল্যাটে এই পদ্ধতিতে সহজে সবজি চাষ করা যাবে। কুমিল্লা কৃষি গবেষণা কেন্দ্রে এই পদ্ধতিতে নানা জাতের সবজি চাষ করা হচ্ছে। এই পদ্ধতিতে প্লাস্টিকের পাত্রে পানি দিয়ে সবজির চাষ করা হয়। তবে পানিতে মেশাতে হয় উদ্ভিদের প্রয়োজনীয় উপাদান। এই পদ্ধতিটি দেখার জন্য গবেষণা কেন্দ্রে প্রতিনিয়ত উত্সুক লোকজন ভিড় করছে।

কুমিল্লা কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আইয়ুব হোসাইন খান বলেন, ‘পাত্রে পানি দিয়ে সবজি চাষকে কৃষি বিজ্ঞানের ভাষায় হাইড্রোপনিক পদ্ধতি বলে। নগরীর বাসা বা ফ্ল্যাটের বারান্দা ও করিডরে এই পদ্ধতিতে সবজি চাষ করা যাবে। এতে বিশুদ্ধ সবজি মিলবে। এসব সবজি গাছে পোকার আক্রমণ ও রোগ কম হয়ে থাকে। এ পদ্ধতিতে করলা, শসা, চাল কুমড়া, লেটুস, চিঁচিঙ্গা, ঝিঁঙা ভালো উত্পাদন হয়। খরচও খুব বেশি নয়। প্লাস্টিকের একটি বাক্সে পানি দিয়ে তার ওপর ককসিট দিয়ে ঢেকে দিতে হবে। ককসিট ছিদ্র করে তাতে ফোম দিতে হয়। ফোমে চারা লাগানো হয়। এছাড়া ককসিটের ছিদ্রে প্লাস্টিকের গ্লাসে পাথর দিয়ে বীজ বোনা যায়। মূল বিষয়টি হচ্ছে উদ্ভিদ মাটি থেকে যে ১৬টি উপাদান গ্রহণ করে তা পানিতে মেশাতে হবে। সেগুলো স্টক সলিউশন ‘এ’ ও ‘বি’ নামে ঢাকায় পাওয়া যায়। কুমিল্লা কৃষি গবেষণা কেন্দ্রেও এসব সলিউশন পাওয়া যাবে। প্লাস্টিকের একটি বাক্সের দাম পড়বে ৩০০ টাকা, ফোম ও ককসিট ১৫০ টাকা, স্টক সলিউশন ‘এ’ ও ‘বি’ ৬০০ টাকা। একটি প্লাস্টিকের বাক্সে ছয়টি চারা লাগানো যাবে। উত্পাদন সময় ও সবজির স্বাদ মাটিতে লাগানো সবজির মতোই।’

কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার সৌখিন ডা. আবু তাহের ও তার স্ত্রী ডা. ফরিদা ইয়াসমিন বলেন, ‘অবিশ্বাস্য হলেও সত্যি, মাটি ছাড়াই চাষ হচ্ছে সবজি। মাটি ছাড়া সবজি চাষের আগ্রহ দীর্ঘদিনের। ইউটিউবের মাধ্যমে কিছু ধারণা নিয়েছি। তবে কুমিল্লায় সরাসরি কোনো কৃষিবিদের কাছ থেকে পরামর্শ পেলে আরো ভালো হতো।’ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কুমিল্লার বৈজ্ঞানিক কর্মকর্তা শামীমা সুলতানা জানান, ‘হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি চাষ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের ব্যতিক্রম উদ্যোগ। মধ্যপ্রাচ্যসহ উন্নত দেশগুলোতে অনেক আগে থেকে এ পদ্ধতিতে সফলতা পেলেও এ বছর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রে এ পদ্ধতিতে সবজি চাষ শুরু করা হয়, এতে বেশ সফলতা এসেছে।’ কুমিল্লা কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ কায়সার বলেন, ‘কুমিল্লায় হাইড্রোপনিক পদ্ধতিতে মাটিবিহীন সবজির চাষের বিষয়ে মানুষের আগ্রহ বাড়ছে। বিশেষ করে কুমিল্লা নগরীর বাসা বা ফ্ল্যাটে এই পদ্ধতিতে সবজি চাষ করা যাবে। কুমিল্লা কৃষি গবেষণা কেন্দ্রে এই প্রথম এ পদ্ধতিতে সবজির চাষ করা হচ্ছে। এই পদ্ধতিটি দেখার জন্য গবেষণা কেন্দ্রে প্রতিনিয়ত উত্সুক লোকজন আসছেন। কেউ এই পদ্ধতিতে সবজি চাষে আগ্রহী হলে আমরা পরামর্শ দেব।’