জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী সোমবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোট গ্রহণ কাজে নিয়োজিত প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৌর শহরের আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণের দায়িত্ব ও কর্তব্য সংক্রান্ত বিষয়ে ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, মীরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ কাজে নিয়োজিত ১১ জন প্রিসাইডিং, ৪৭ জন সহকারী প্রিসাইডিং ও ৯০ জন পোলিং কর্মকর্তাসহ ১৪৮ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠানে এরই মধ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬, নারী সদস্যা পদে ১১ ও সাধারণ সদস্য পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৩৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৩০৫ জন, মহিলা ভোটার ৭ হাজার ৮৫ জন।
