কিশোর গ্যাংয়ের হামলায় আহত ৩ আটক ১১

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২১:৩৫

কিশোরগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় তিন কিশোর গুরুতর আহত হয়েছে। আহতরা হলো— শুভ সরকার, প্রসেনজিত্ ঘোষ ও তন্ময় বর্মণ বিকাশ। এই ঘটনায় র্যাব কিশোর গ্যাংয়ের প্রধানসহ গ্যাংয়ের ১১ সদস্যকে আটক করেছে।

বৃহস্পতিবার রাতে জেলা শহরের বত্রিশ নতুন পল্লী এলাকায় এ ঘটনা ঘটে।

র্যাব সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর রাতে বত্রিশ নতুন পল্লী পূজামণ্ডপে আরতি চলার সময় কিশোর গ্যাংয়ের কতিপয় সদস্য মেয়েদের উত্ত্যক্ত করাসহ বিশৃঙ্খলা সৃষ্টি করলে স্থানীয় লোকজন বাধা দেয়। এই নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে বৃহস্পতিবার রাতে গ্রুপ প্রধান সাজ্জাদের নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বত্রিশ নতুন পল্লী এলাকায় হামলা চালিয়ে তিনজনকে গুরুতর জখম করে। ঘটনার পরপরই র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে।

র্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহবুব উল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পূজামণ্ডপে মেয়েদের উত্ত্যক্ত করা ও হামলায় জড়িত থাকার কথা তারা স্বীকার করেছে। পরে তাদের কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, হামলার ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।