যমুনায় নৌকাডুবি দুই জন নিখোঁজ

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২১:৩৭

সিরাজগঞ্জে বৃহস্পতিবার যমুনা নদীতে নৌকাবাইচ চলাকালে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে এক প্রতিযোগীসহ দুই জন নিখোঁজ হন।

যমুনা নদীর শহররক্ষা বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন, বরিশালের বিমানবন্দর থানার তিলক গ্রামের মোজাম্মেল হাওলাদারের ছেলে মো. হানিফ ও সিরাজগঞ্জের উল্লাপাড়ার মানিক দিয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে সাইদুর প্রামাণিক।

সদর থানার এসআই সাইফুল ইসলাম বলেন, শহররক্ষা বাঁধ এলাকায় নৌকাবাইচ চলাকালে বাইচের একটি নৌকাকে ধাক্কা দেয় দর্শনার্থীদের নৌকা। এতে প্রতিযোগী সাইদুর প্রামাণিক নৌকা থেকে পড়ে নিখোঁজ হন। সন্ধ্যার দিকে দর্শনার্থী বোঝাই আরো একটি নৌকা ডুবে যায়। সব যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও হানিফ নামে নির্মাণ শ্রমিক নিখোঁজ হয়েছে।

এসআই সাইফুল আরো জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই ঘণ্টা অভিযান চালিয়েও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে পারেনি। শুক্রবার সকালেও আবার উদ্ধার অভিযান চালানো হয়।

জেলা পরিষদের উদ্যোগে এ নৌকা বাইচের আয়োজন করা হয়েছিল।