সাপের কামড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২১:৩৭

সাপের কামড়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিত্সাধীন এক দম্পতির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে তারা মারা যান। এর আগে রাত ২টার দিকে তাদের সাপে কাটে। তারা হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার রামচরণপুর গ্রামের নূর ইসলাম (৩০) ও তার স্ত্রী মৌসুমি খাতুন (২৬)।

রামেক হাসপাতালের চিকিত্সক বেলাল হোসেন বলেন, মহাদেবপুর থেকে রামেক হাসপাতালের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার, কমপক্ষে দুই ঘণ্টার পথ। এ দুই ঘণ্টা আগে যদি নূর ও মৌসুমিকে এন্টিভেনম প্রয়োগ করা যেত তাহলে তাদের প্রাণরক্ষার সম্ভাবনা ছিল।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আখতারুজ্জামান বলেন, উপজেলা পর্যায়ে সাপে কাটা রোগীদের জন্য এন্টিভেনম সরবরাহ নেই। সাপে কাটা রোগীদের দ্রুত নওগাঁ অথবা রাজশাহী পাঠিয়ে দেওয়া হয়।