মান্দায় বখাটেদের হামলায় আহত সাত গ্রেফতার চার

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২১:৩৭

নওগাঁর মান্দায় যৌন নির্যাতনের প্রতিবাদ করায় বৃহস্পতিবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পল্লিতে হামলা চালিয়েছে বখাটেরা। এতে নারীসহ সাত জন আহত হয়েছেন। এ ঘটনায় চার যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। গ্রেফতারকৃতরা হলো হাবিবুর রহমান, ইউসুফ আলী, সুজন ইসলাম ও জিহাদ হোসেন। বাকিরা এখনও গ্রেফতার হয়নি।

পল্লির বাসিন্দা সুমতি রানি ওরাও জানান, বুধবার সন্ধ্যায় কালীসফা দীঘিপাড়ার মোড়ে ‘ডালপূজা’ দেখে বৃষ্টির মধ্যে বাড়ি ফিরছিলেন ঐ পল্লির তিন কিশোরী। এ সময় নাজমুল হোসেন এক কিশোরীর শ্লীলতাহানি করে। এ সময় তাদের চিত্কারে লোকজন এসে তাকে ধরে আমাদের পাড়ায় এনে আটকে রাখে। সন্ধ্যার পর পল্লির মোড়ল এসে নাজমুলকে ছাড়িয়ে নিয়ে যান। এ ঘটনার জের ধরে পরদিন নাজমুলের নেতৃত্বে সাত-আট জন যুবক সংঘবদ্ধ হয়ে এসে পল্লিতে হামলা চালিয়ে মারপিট শুরু করে।

পল্লির মোড়ল উজ্জল সরদার জানান, বখাটেদের মারপিটে নারীসহ সাত জন আহত হয়েছেন। তাদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মান্দা থানার ওসি মোজাফফর হোসেন জানান, গ্রেফতার দেখিয়ে চার জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি তিন আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।