ভাণ্ডারিয়ায় দণ্ডাদেশপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার দুই
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা ভাণ্ডারিয়া উপজেলা সদরের লক্ষ্মীপুরা গ্রামে ১০ বছর সাজাপ্রাপ্ত এবং ৮ মামলার আসামি ইকবাল মল্লিক ও একই এলাকার মন্নানের ছেলে রেজাউলকে ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার বিকেল ৩টায় ভাণ্ডারিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একই গ্রামে ইকবালের ভগ্নিপতি রেজাউল খানের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময়ে ইকবাল ভাণ্ডারিয়া থানার এস আই নুরুল আমীনের হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করে। আহত এসআই নুরুলকে ভাণ্ডারিয়া হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়। ভাণ্ডারিয়া থানার অফিসার্স ইন চার্জ এস এম মাকসুদুর রহমান জানান, বিশ্বস্ত সোর্সের মাধ্যমে আজ শুক্রবার তাদের ধরতে সক্ষম হয়েছি। ওসি আরো জানান, সম্প্রতি বরিশাল র্যাব-৮ এর দায়ের করা এক মামলায় ইকবাল মল্লিককে ১০ বছরের সাজা প্রদান করে একটি আদালত। এছাড়া তার বিরুদ্ধে ৮টি মামলায় ওয়ারেন্টসহ প্রায় এক ডজন মামলা বিচারাধীন। ইকবাল ও রেজাউলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।
বাল্যবিয়ে, শিশু ও নারী নির্যাতনবিষয়ক সভা
তানোর (রাজশাহী) সংবাদদাতা তানোরে বৃহস্পতিবার বিকালে মাদক, বাল্যবিয়ে, শিশু ও নারী নির্যাতনবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। তানোর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে উপজেলার দরগাডাঙ্গা বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তানোর থানার ওসি মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী।
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় বৃহস্পতিবার বিকালে বিজয়া দশমীর পুনর্মিলনীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সনাতন বিদ্যার্থী পরিষদের উদ্যোগে রাজিহার ইউনিয়নের চৌদ্দমেধা সার্বজনীন কালীমন্দির প্রাঙ্গণে দুর্গাপূজা পরবর্তী বিজয়া দশমীর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনিল চন্দ্র জয়ধরের সভাপতিত্বে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজের অধ্যক্ষ রণজিত্ বাড়ৈ খোকন।
কোটালীপাড়ায় ২৫ গুণিজনকে সম্মননা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘের পক্ষ থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী অনিল কুমার দেসহ ২৫ গুণিজনকে সম্মননা দেওয়া হয়েছে। সংগঠনটির রজতজয়ন্তী উপলক্ষ্যে উপজেলা শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয় চত্বরে এ সম্মননা দেওয়া হয়। উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস গুণিজনদের হাতে সম্মননা ক্রেস্ট তুলে দেন।
বিশ্ব ডিম দিবস পালিত
ভোলা প্রতিনিধি স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠনের লক্ষ্যে মানুষকে বেশি বেশি ডিম খাওয়ায় উদ্বুদ্ধ করতে ‘সুস্থ মেধাবী জাতি চাই, প্রতিদিন ডিম খাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় শুক্রবার বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের আয়োজনে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক।
ফ্রি চিকিত্সা ক্যাম্প
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা ধামইরহাটের আমাইতাড়া আল-রাজী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে শুক্রবার দিনব্যাপী ফ্রি চিকিত্সা ক্যাম্পের আয়োজন করা হয়। আল-রাজী হেল্থ কেয়ার এন্ড ডায়াগনস্টিট সেন্টারে এ চিকিত্সা সেবা দেওয়া হয়। ডা. মো. নূর আলম মন্ডলের নেতৃত্বে এ চিকিত্সাসেবা দেওয়া হয়। কর্মসূচি উদ্বোধন করেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মোস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন ঐ সংস্থার সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আশরাফুল ইসলাম প্রমুখ।
নিসচা কপিলমুনি শাখার মতবিনিময়
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছায় শুক্রবার মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে নিসচা কপিলমুনি শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের মৌখিক অনুমোদনে আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে একত্মতা ঘোষণা করেছেন মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলার সহকারী ইউনিট কমান্ডার রহমত আলী গাজী এবং পাইকগাছা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শেখ দিদার হোসেন। তারা আগামী ২২ অক্টোবর সড়ক দিবসের র্যালিতে অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছেন। কপিলমুনি নিরাপদ সড়ক অফিসে এ মতবনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ব ডিম দিবসে র্যালি
বরিশাল অফিস সুস্থ মেধাবী জাতি চাই, প্রতিদিনই ডিম খাই এ স্লোগানে শুক্রবার বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে বরিশালে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। নগরীর সার্কিট হাউজ চত্বরে বিশ্ব ডিম দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। পরে র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বেলা ১১টায় সার্কিট হাউস মিলনায়তনে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার সাইদ, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মাহমুদুল হাসান প্রমুখ।
শিশুবান্ধব নগরী বিষয়ক আলোচনা
স্টাফ রিপোর্টার, রংপুর ইউনিসেফ রংপুরের আয়োজনে শিশুবান্ধব নগরী বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রংপুর সিটি করপোরেশনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
আলোচনায় আরো বক্তব্য রাখেন ইউনিসেফের রংপুর ও রাজশাহী বিভাগের প্রধান নাজিবুল্লাহ হামীম, রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, ইউনিসেফের রংপুর ও রাজশাহী বিভাগের যোগাযোগ উন্নয়ন কর্মকর্তা মঞ্জুর আহমেদ প্রমুখ।
সিপিবির পদযাত্রা ও গণমিছিল
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মধুখালী উপজেলার নওপাড়া স্বাস্থ্য কেন্দ্রে অবস্থান, পদযাত্রা ও গণমিছিল করেছে উপজেলা সিপিবি। বৃহস্পতিবার বিকেলে বিশিষ্ট শিক্ষাবিদ মুক্তিযোদ্ধা কমরেড হারুন অর রশিদ কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় কমরেড আকমল হোসেন মৃধার সভাপতিত্বে নওপাড়া বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কৃষক সমিতির ফরিদপুর জেলা সভাপতি অ্যাডভোকেট মানিক মজুমদার, সিপিবি জেলা কমিটির সদস্য আব্দুর রহমান প্রমুখ।
কন্যাশিশু দিবসে জীবনের গল্প শোনা অনুষ্ঠান
মাদারীপুর প্রতিনিধি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষ্যে শুক্রবার জেলা সদরে জীবনের গল্প শোনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদারীপুর জেলা শিশু একাডেমি ‘কন্যাশিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্শী। আলোচনা করেন জেলা শিশু অধিকার ফোরাম নেত্রী ফরিদা ইয়াসমিন লাকী, শিশু সংগঠক শাহজাহান খান, এনসিটিএফ নেত্রী মুন্নী প্রমুখ।
মোরেলগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা মোরেলগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মেহেদী হাসান লিপন সভাপতি, দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি নজরুল ইসলাম শরীফ ও দৈনিক সংবাদ প্রতিনিধি গণেশ পাল সহসভাপতি, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মশিউর রহমান মাসুম সাধারণ সম্পাদক এবং সহসাধারণ সম্পাদক পদে জামাল হোসেন বাপ্পা নির্বাচিত হয়েছেন। এছাড়া অর্থ ও দপ্তর সম্পাদক সাংবাদিক এম পলাশ শরীফ, কার্যনির্বাহী পরিষদের সদস্য সাংবাদিক শাহআলম তালুকদার, ফজলুল হক খোকন ও রফিকুল ইসলাম মাসুম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। “
