ফকির লালন সাঁইয়ের ১২৯তম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে রাজধানীতে গতকাল শুক্রবার শুরু হয়েছে বাংলাদেশ-ভারত বাউলসংগীত উত্সব। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে আয়োজিত এ উত্সব বাংলাদেশ ও ভারতের বাউল ফকিরদের গানে মুখরিত হয়ে ওঠে। ‘যে খোঁজে মানুষে খোদা সেই তো বাউল’ এ প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া উত্সবে বাংলাদেশের ১৪ জন ও ভারতের আট জন বাউল অংশ নিয়েছেন। লালন বিশ্বসংঘের আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় তিন দিনের এ উত্সব শুরু হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের সেকেন্ড অফিসার দীপ্তি এলেঙ্গার, পশ্চিমবঙ্গের বাউল গবেষক করুণাপ্রসাদ দে প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন লালন বিশ্বসংঘের নির্বাহী পরিচালক আবদেল মান্নান। সভাপতিত্ব করেন সংঘের চেয়ারম্যান অধ্যাপক ড. আনিসুজ্জামান। আজ দুই বাংলার বাউলদের সম্মাননা জানানো হবে এ মঞ্চ থেকে।
