মিরপুরের স্বামী-স্ত্রী ও ছেলের লাশের ময়নাতদন্ত সম্পন্ন

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২১:৫৩

মিরপুরের একটি বাসা থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও তাদের ছেলের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়। এর আগে বৃহস্পতিবার বিকালে মিরপুর ১৩ নম্বর সেকশনের বি ব্লকের ৫ নম্বর সড়কের ১০/১ নম্বর বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন স্বামী মো. বায়েজদী (৪৭), স্ত্রী কোহিনুর বেগম অঞ্জলী (৪১) ও ছেলে ঢাকা কমার্স কলেজের ছাত্র ফারহান (১৭)। এ ঘটনায় কোহিনুর বেগমের ভাই ফারুক আহমেদ কাফরুল থানায় অপমৃত্যু মামলা করেছেন।

এদিকে ময়নাতদন্ত শেষে হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. এ কে এম মঈনউদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে, তিন জনই বিষ পান করেছেন। এর মধ্যে বাবা ফাঁস দিয়ে মারা যায়। তিন জনেরই ভিসেরা সংগহ করে রাসায়নিক পরীক্ষার জন্য মহাখালীতে পাঠানো হয়েছে। কেমিক্যাল পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর  সঠিক কারণ বলা যাবে।