মিয়ানমারেই তৈরি হয় ইয়াবা, যা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ ও ভারতে প্রবেশ করছে। আর এটা ভয়াবহ রূপ ধারণ করেছে। এই সমস্যার সমাধানে মিয়ানমারের সঙ্গে ত্রিদেশীয় বৈঠক করার আহ্বান জানিয়েছে ভারত। বাংলাদেশও এই আহ্বানে সাড়া দিয়ে প্রয়োজনে ঐ বৈঠক আয়োজনের জন্য ইচ্ছা পোষণ করেছে। গত বৃহস্পতিবার সোনারগাঁও হোটেলে মহাপরিচালক পর্যায়ে দুই দিনব্যাপী ষষ্ঠ দ্বিপক্ষীয় সভার প্রথম দিনে এ আহ্বান জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) রাকেশ আস্তানার নেতৃত্বে ১১ সদস্যের টিম। বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজি মো. জামাল উদ্দিন আহমেদসহ ২১ সদস্যের টিম। এ সময় ২০১৬ সালের ২১ ও ২২ ডিসেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো নিয়েও আলোচনা হয়।
