স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী মহানগরীতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় দুই জন আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের ফুলতলায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুই ব্যক্তিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাজলার ফুলতলার আসলামের ছেলে ২৮ নম্বর ওয়ার্ড (পশ্চিম) স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জুবায়ের হাসান জনির ডান পায়ে গুলি লেগেছে। অপর আহত একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে সুজন ওয়ার্ড যুবলীগের সদস্য। তার বাম হাতের কনুই থেকে কবজি পর্যন্ত চাপাতির আঘাত রয়েছে।
স্থানীয় ও আহতরা জানান, সম্মিলিতভাবে বালুর ব্যবসার জন্য ২০১০ সালে ২৮ নম্বর ওয়ার্ড মতিহার থানা (পশ্চিম) আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি আব্দুস সাত্তার বিভিন্ন জনের কাছ থেকে টাকা নেন। সেই অর্থে কেনা হয় ড্রেজার। কিন্তু পরিকল্পিত বালুর ব্যবসাটি পরে বন্ধ হয়ে যায়। ব্যবসায় যারা বিনিয়োগ করেন, পরে তারা আব্দুস সাত্তারকে অর্থ ফেরত দিতে বলেন। কিন্তু তিনি অসম্মতি জানান। এ বছর সবাই ড্রেজারটি পুনরায় চালু করে ব্যবসার উদ্যোগ নিলে আব্দুস সাত্তার তাতে বাধা দেন। মীমাংসার আহ্বানও তিনি উপেক্ষা করেন।
গতকাল শুক্রবার সকালে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জুবায়ের হাসান জনি ও কর্মী সুজনসহ কয়েক জন ড্রেজারটি ঠিক আছে কি না দেখতে গেলে তাদের ওপর চড়াও হয় আব্দুস সাত্তারের ছেলে টনি ও ডনিসহ অন্তত ২০ জন। ড্রেজারে থাকা অবস্থায় জনিকে পিস্তল দিয়ে গুলি করে তারা। জনির ডান পায়ে গুলি লাগলে সে ড্রেজার থেকে নিচে পড়ে যায়। সুজনকে ধারালো চাপাতি দিয়ে কোপানো হয়। এতে তার বাম হাতের কনুই থেকে কবজি পর্যন্ত অংশ ঝুলে যায়। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ফুলতলায় ড্রেজার নিয়ে বিবাদে দুই জন আহতের কথা শুনেছেন। তবে বিস্তারিত জানা যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
