কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সদরের ঝিলংজা লিংকরোড এলাকায় তরুণীকে গণধর্ষণ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ মুহুরীপাড়া গ্রামে তাদের বাড়ি থেকে অভিযুক্ত যুবকদের গ্রেফতার করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) মো. ইয়াছিন এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার যুবকরা হলো—মফিজুর রহমানের ছেলে মো. নাছির ও ছৈয়দ আহমদের ছেলে আবদুল্লাহ। এর মধ্যে নাছির প্রধান অভিযুক্ত। তাদের সহযোগী খালেকুজ্জামানসহ আরো কয়েকজন রয়েছে। ওসি মো. ইয়াছিন জানান, গত ৮ অক্টোবর এক তরুণীকে গণধর্ষণ করে এলাকার বখাটে ও সন্ত্রাসী হিসেবে পরিচিত নাছির, খালেকুজ্জামান, আবদুল্লাহ ও বার্মায়া জাগের হোসেনসহ আরো দুই জন। ঘটনাস্থল থেকে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অন্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
