মামলা নিষ্পত্তির আশ্বাস খুলনাসহ ১৫ জেলায় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২১:৫৭

খুলনা অফিস

শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা আইনি প্রক্রিয়ায় দ্রুত নিষ্পত্তির আশ্বাসে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫ জেলায় ট্যাংকলরি শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে খুলনার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ট্যাংকলরি মালিক ও শ্রমিক নেতাদের বৈঠকের পর এ কর্মসূচি প্রত্যাহার করা হয়।

সূত্র জানায়, ধর্মঘট নিরসনের লক্ষ্যে গতকাল শুক্রবার সকাল ১০টায় সার্কিট হাউজে ট্যাংকলরি মালিক, শ্রমিকদের সঙ্গে প্রশাসনের জরুরি বৈঠক ডাকেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। বৈঠকে পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন, জ্বালানি তেল মালিক সংগঠনের নেতা শেখ ফরহাদ হোসেন, হাবিবুর রহমান, ট্যাংকলরি শ্রমিক নেতা মো. নূরুল ইসলাম ও আলী আজিম যোগ দেন। বৈঠকে দুই শ্রমিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি আইনি প্রক্রিয়ায় দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক। এই প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে মালিক ও শ্রমিক নেতাদের জরুরি সভায় ট্যাংকলরি ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, চলতি বছরের ৪ এপ্রিল মহানগরীর আড়ংঘাটা থানা এলাকায় ট্যাংকলরির সঙ্গে দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা আহত হন। এ মামলায় ট্যাংকলরির দুই শ্রমিকের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এর প্রতিবাদে  গত বুধবার সকাল থেকে কর্মবিরতির ডাক দেয় শ্রমিক নেতারা।