সকালে নিজে নিজেই ওরা চলে যায় চকে, সারাদিন ঘাস খেয়ে সন্ধ্যায় ফেরে বাড়ি

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২২:৪৯

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : গ্রামের নাম চরলক্ষ্মীপুর। আড়াইহাজার উপজেলার মেঘনাবেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের এই গ্রামের প্রায় প্রতিটি মানুষ গরু পালন করে থাকেন। প্রত্যেকেরই পাঁচ/ছয়টি গরু রয়েছে। গ্রামের পাশেই রয়েছে বিশাল চক। চকে প্রতিদিন ২০০/৩০০ গরু একত্রে ঘাস খায়। সকালে গরুর মালিক গরু ছেড়ে দিলেই নিজ ইচ্ছায় গরুটি চকে চলে যায়। আবার সন্ধ্যা গড়ালেই গরুগুলো নিজ নিজ বাড়ি ফিরতে শুরু করে এবং মালিকেরা পথ থেকে যার যার গরু নিয়ে আসেন। হক সাব নামে একজন জানান, আমার ছয়টি গরু। খুব কম খরচে আমরা গরু পালন করে থাকি। তিনি আরো জানান, চকে অনেক ঘাস পাওয়া যায় বলে এই গ্রামের সবাই গরু পালন করে থাকে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন জানান, গ্রামের সব গরু চকে গিয়ে একসঙ্গে ঘাস খায়। দৃশ্যটা সত্যিই দেখার মতো          —মাসুম বিল্লাহ