গাজীপুর প্রতিনিধি
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, মানুষ সচেতন হচ্ছে, মানুষের রুচির পরিবর্তন হচ্ছে। আজকাল অনেকেই বাংলাদেশের রেলওয়ে সেবার সঙ্গে পৃথিবীর অন্যান্য দেশের রেলের তুলনা করছে। তবে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। বাংলাদেশের রেল সেবাকে বিশ্বমানে উন্নত করতে কাজ করছে সরকার। এ ব্যাপারে সকলের সহযোগিতা প্রয়োজন। আমরাও একদিন বিশ্বমানের রেল সেবা দিতে পারব।
রেলমন্ত্রী শুক্রবার সকালে গাজীপুরের জয়দেবপুর রেল জংশনে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, বাংলাদেশে ৪৬৫টির মতো রেলস্টেশন রয়েছে। এই বিপুলসংখ্যক রেলস্টেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম সরকারের একার পক্ষে করা সম্ভব নয়, এ জন্য সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। বিডি ক্লিন এই পরিচ্ছন্নতা কাজের উদ্যোগ গ্রহণ করায় তাদের ধন্যবাদ জানাই। পরে মন্ত্রী বিডি ক্লিনকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে রেলওয়ের মহাপরিচালক (ডিজি) শামসুজ্জামান খান, অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অপারেশন মিয়া জাহান, রেলওয়ের জেনারেল ম্যানেজার (পূর্ব) নাসির উদ্দিন, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, রেলওয়ে পুলিশ সুপার মহিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী বিডি ক্লিন আয়োজিত ৯০ দিনের পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।
