দীর্ঘ ১০ বছর পর আবারও চলচ্চিত্র নির্মাণ করছেন একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা এটিএম শামসুজ্জামান। ছবির নাম ‘এখন বলা যায়’। নতুন চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ছবি নিয়ে আমি দীর্ঘদিন ধরেই ভাবছি। যেহেতু আমার লেখালেখির অভ্যাস আছে অনেক আগে থেকেই, তাই নিজের সিনেমার গল্প, চিত্রনাট্য আমি করবো ঠিক আগেরটারই মতো। ‘এখন বলা যায়’ ছবিটি হবে জীবনের গল্প। আমাদের জীবনের অনেক না বলা কথা উঠে আসবে এখন বলা যায়। আমি জীবনের যে পর্যায়ে এসে পৌঁছেছি তাতে করে এই ছবির মধ্যদিয়ে অনেক কিছুই উঠে আসবে। এটি হবে আমার জীবনের না বলা অনেক কথার গল্পের সিনেমা। এই সিনেমা আমার স্বপ্নের সিনেমা। আমি অনেক স্বপ্ন নিয়েই এই সিনেমা নির্মাণে এগিয়ে এসেছি। আগামী বছর এই ছবির শুটিং শুরু হবে।’ তবে চলচ্চিত্রটি কারা প্রযোজনা করবেন সে বিষয়ে আপাতত কিছুই জানাননি তিনি। শিল্পী কে কে থাকবেন সে বিষয়েও আপাতত কিছু জানাচ্ছেন না তিনি। এ প্রসঙ্গে এটিএম শামসুজ্জামান বলেন, ‘একজন শিল্পী নির্দিষ্ট একটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নন। তিনি যেকোনো দেশের আহ্বানে সাড়া দিয়ে অভিনয় করতে পারেন। তাই আমার সিনেমাতে কারা থাকবেন সেটাও একটা চমক থাকবে দর্শকের জন্য।’ এদিকে নিয়মিত অভিনয়ে ব্যস্ত রয়েছেন এটিএম শামসুজ্জামান। এখন পর্যন্ত পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন এই গুণী অভিনেতা। ‘অপেক্ষা’, ‘ম্যাডাম ফুলি’, ‘চুড়িওয়ালা’ ‘মন বসে না পড়ার টেবিলে’, ‘চোরাবালি’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০১৫ সালে তিনি পেয়েছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক।
