তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যা নিয়ে ঘোলা পানিতে রাজনীতি না করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, ‘আবরার হত্যা নিয়ে তারা (বিএনপি) পানি ঘোলা করার চেষ্টা করছে। তারা অতীতেও পানি ঘোলা করার চেষ্টা করেছে, তবে তারা ব্যর্থ হয়েছে।’
বিএনপির ষড়যন্ত্র প্রতিহত করার জন্য আওয়ামী লীগ নেতা-কর্মীদের আরো সতর্ক থাকার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতারা যদি পানি ঘোলা করতে চায় এবং ঘোলা পানিতে রাজনীতি করতে চায় তাহলে কঠোরভাবে তাদের প্রতিহত করা হবে। তিনি বলেন, কারো ব্যাপারে কোনো দাবি তোলার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আবরার হত্যায় জড়িত সন্দেহভাজন বেশিরভাগ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক দিল্লি সফর প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, তার সফরকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত চুক্তির ব্যাপারে বিএনপি সরকারের বিরুদ্ধে প্রপাগাণ্ডা চালাচ্ছে। তিনি বলেন, তারা (বিএনপি নেতারা) এ চুক্তি পড়েনি, তবুও তারা এ নিয়ে সরকারের বিরুদ্ধে প্রপাগাণ্ডা চালাচ্ছে এবং চুক্তির ব্যাপারে কর্মসূচি দিয়েছে।
বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা ব্যারিস্টার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা এম এ করিম, স্বাধীনতা পরিষদ সভাপতি জিন্নাত আলী খান, সংগঠনের সিনিয়র সহসভাপতি শেখ নওশেদ আলী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
