খালিয়াজুরীতে জন্মনিবন্ধন সনদ জালিয়াতির অভিযোগে আটক ১

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১০:৪৮

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবের স্বাক্ষরজাল করে জনসাধারনকে সহস্রাধিক জন্মনিবন্ধন সনদ দেয়ার অভিযোগে ওই ইউপির এক উদ্যোক্তাকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় তার বিরুদ্ধে ইউপি সচিব মুসা মিয়া বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে খালিয়াজুরী থানায় মামলা করে। পরে পুলিশ তাকে আটক করে।

আরও পড়ুন: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালে আরো ১ ডেঙ্গু রোগীর মৃত্যু

আটক উদ্যোক্তা হলেন : ওই ইউনিয়নের নূরপুর বোয়ালি গ্রামের মৃত এলাল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম সুলতু (৩৫)।

এসব তথ্য নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক।

তিনি মামলার বরাত দিয়ে জানান, সুলতু ইউপি চেয়ারম্যান লোকমান হেকিম ও ইউপি সচিব মুসা মিয়ার স্বাক্ষরজাল করে ৭ বছরে ১ হাজার ৩০০ টি জন্মনিবন্ধন সনদ জনসাধারণকে দিয়েছেন। এসব সনদ দিয়ে তিনি জনসাধারণের কাছ থেকে প্রায় ৫৬ হাজার টাকা হাতিয়ে নেন। এ টাকা হাতিয়ে নেয়ার প্রমাণ পেয়ে উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এরশাদুল আহমেদ উজ্জলের তৈরী করা একটি তদন্ত প্রতিবেদনও সংযুক্ত রয়েছে থানায় করা অভিযোগে।

ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসায় জন্মনিবন্ধন সনদ জালিয়াতি করে টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি সুলতু স্বীকার করেছেন।

ইত্তেফাক/এমআরএম