খাদিজা তুল কোবরা
বিশ্ব ডিম দিবসকে ডিমময় করে রাখতে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সহযোগী সংগঠনগুলো বিভিন্নভাবে ডিম দিবসকে পালন করেছে। এবারের ডিম দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল, ‘বাঁশ দিন প্রতিদিন, ডিম দিন ডিম দিবসের দিন’
v ডিম দিবসকে কেন্দ্র করে পালিত কর্মসূচির কিছু অংশ
v ‘ফুড স্ট্যান্ডার্ড অ্যাজেন্সি’ ডিমকে একটি উচ্চ মানের প্রোটিন সমৃদ্ধ খাবারের তালিকায় রাখায় ডিম দিবসে ডায়াবেটিস রোগী, হার্টের রোগী, কিডনি ও উচ্চরক্তচাপ ইত্যাদি রোগে আক্রান্ত রোগীকে ডিম দিবসে বিনামূল্যে একটি করে সিদ্ধ ডিম বিতরণ করেছে ‘ডিমাখান’ নামক সেচ্ছাসেবী সংগঠন।
v ডিম দিবসের কথা মাথায় রেখে সস্তায় জনগণকে ডিম খাওয়াতে টাকায় চারটি করে ডিম বিক্রি করেছে ‘খাবি খা’ নামের ডিম ব্যবসায়ী প্রতিষ্ঠান। ডিমের যেন কোনো কমতি না হয় এ জন্য তিনি এক সপ্তাহ আগে থেকে মুরগিদের তাগিদ দিয়েছে দিনে দুইটি করে ডিম পাড়ার।
v ডিম দিবস উপলক্ষে ৩৫% ছাড়ে ‘ডিমাস্পেশাল ফেসিয়াল’, ‘কুসুমিক্স ফেসিয়াল’ এবং ‘ডিমপার্ল গোল্ড ফেসিয়াল’-এর অফার দিয়েছিল ‘মেখে যা’ বিউটি পার্লার। রূপচর্চায় ডিমের যথাযথ ব্যবহারের লক্ষ্যে তাদের এ আয়োজন। এ দিনে তারা সবধরনের ফেসিয়ালে ডিমের ব্যবহার করেছে। কিন্তু শোনা গেছে চেহারায় গোল্ডেন গ্লো ফুটিয়ে তুলতে ফেসিয়ালে ডিমের কুসুম ব্যবহার করায় অনেকে ডিমের গন্ধ সহ্য করতে না পেরে পার্লার বমি করে ভাসিয়ে দিয়েছে।
v পুঁতি ও চুমকির পরিবর্তে ডিমের ‘খোসা চূর্ণ’ ব্যবহার করে থ্রিপিসের নতুন কালেকশন বাজারে এনেছে ‘বিশাল অফার’ ডিপার্টমেন্টাল স্টোর। একই সঙ্গে এই প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজের মাধ্যমে জানিয়েছে অনলাইন শপিংয়ে ১০% ডিসকাউন্টে একই সঙ্গে দুটি ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি।
v ডিম দিবসকে পালন করতে এসে পার্কে বসে প্রেমালাপ করতে দেখলে তাদের উদ্দেশ্যে ‘পচা ডিম নিক্ষেপ’ কর্মসূচি গ্রহণ করেছে একদল হিংসুটে সিঙ্গেল যুবক দল। জানা গেছে, তারা এ কর্মসূচি পালনের উদ্দেশ্যে দুইমাস আগে থেকে ডিম কিনে রেখেছে উত্তমরূপে পচানোর উদ্দেশ্যে।
v ‘নিজে ডিম খান, অন্যকে ডিম দিন’ এ স্লোগানকে সামনে রেখে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ডিমকে সবার নিকট পরিচিত করতে বড়ো বড়ো জেলা শহরগুলো থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। এ সময় উপস্থিত প্রত্যেকের হাতে একটি করে ডিম শোভা পেয়েছিল।
v ডিম দিবসে রাস্তাঘাটে কোনো প্রকার অনৈতিক কার্যকলাপ, অপরাধমূলক কর্মকাণ্ড ঘটতে দেখলে তাদের ওপর ‘পচা ডিম নিক্ষেপ’ এবং ‘বাঁশ নয়, ডিম দিন’ কর্মসূচি পালন করেছে কিছু প্রতিবাদী যুবক।
এভাবেই পালিত হলো এবাবের বিশ্ব ডিম দিবস।
রাজারহাট, কুড়িগ্রাম
