বয়স হয়ে যাচ্ছে কিন্তু বাবা-মা আপনার বিয়ের কথা ভুলে গেছেন? চিন্তা নেই, অভিভাবকদের আপনার বিয়ের কথা মনে করিয়ে দিতে; আগেকার নিয়মে খাটের মাঝখান না কেটে, নতুন সব পদ্ধতি প্রয়োগ করতে নিচের পরামর্শগুলো দিয়েছেন বারবার বিয়ে করতে গিয়ে ব্যর্থ হওয়া মুহা. তাজুল ইসলাম
v বিয়ে নিয়ে যত প্রকার গান আপনার জানা আছে, তার সবগুলো মোবাইলে ডাউনলোড করে দিনরাত বাজাতে থাকুন। এরপরও কাজ না হলে বাজার থেকে ভালো একটা স্পিকার কিনে এনে সেটা মোবাইলে যুক্ত করে মাঝরাতে গানগুলো সব প্লে করুন। আশা করি, মুরব্বিরা গানের মর্মার্থ উপলব্ধি করতে পারবেন।
v বন্ধুু-বান্ধবীদের মধ্যে যারা বিবাহিত এবং বাচ্চা আছে, তাদের বেশি বেশি বাসায় দাওয়াত করুন। তাদের বাচ্চাদের আপনার বাবা-মায়ের কোলে তুলে দিন। এতে করে আপনার বিয়ের বিষয়টি তাদের ভাবাবে।
v এলাকায় আপনার চেয়ে বয়সে ছোট ও বড়ো যত অবিবাহিত মেয়ে আছে তাদের সবাইকেই প্রেম নিবেদন করে চিঠি লিখুন। এতে করে তারা যখন আপনার বাবা-মাকে একের পর এক নালিশ করতে আসবে, তখন আপনার বাবা-মা অতিষ্ঠ হয়ে আপনাকে বিয়ে দিয়ে দেবেন।
v প্রতিদিন সকাল সকাল ঘর থেকে বের হয়ে যাবেন এবং মাঝ রাতে বাসায় ফিরবেন। বাসায় এই বিষয়ে জিজ্ঞাসা করলে আপনি বলবেন যে, একা একা বাসায় ভালো লাগে না, তাই বন্ধুদের সঙ্গ নিয়ে থাকেন। আপনার বাবা-মা আপনার একাকীত্বতা দূর করতে আপনাকে বিয়ে দিয়ে দেবেন।
v কোনো প্রকার আয়-রোজগার না করে উল্টো বেশি করে বন্ধু-বান্ধবীদের পেছনে বাবার টাকা নষ্ট করবেন। এতে করে আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য কয়েকদিনের মধ্যেই আপনার বাবা-মা গ্রাম থেকে এক রমণীকে ধরে এনে আপনার সঙ্গে বিয়ে দিয়ে দেবেন।
v আপনার প্রতিবেশীদের গাছের আম, জাম, কাঁঠাল থেকে শুরু করে হাঁস, মুরগি কিংবা ছাগল পর্যন্ত চুরি করে বন্ধুদের নিয়ে নিয়মিত পিকনিক করবেন। এতে করে ভুক্তভোগীরা আপনার নামে নিয়মিত নালিশ করতে থাকবে। যার ফলে আপনার পরিবার আপনার এই স্বভাব দূর করতে আপনাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন।
v এলাকার যত ভাবি ও ভাবির ননদ আছে, তাদের সঙ্গে দিনরাত গল্প-গুজব করুন। এতে করে ভাবিদের স্বামী এসে আপনার নামে অভিযোগ করতে থাকবে, আর বিরক্ত হয়ে আপনার অভিভাবকেরা আপনাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন।
v মাঝেমধ্যে বাসায় উদ্ভট সব আচরণ ও পাগলামির অভিনয় করবেন। এতে করে আপনাকে সুস্থ করতে আপনার বাবা-মা আপনাকে বিয়ে দিয়ে দেবেন।
