g রে জা উ ল ক রি ম খো ক ন
বলিউড কিং শাহরুখ খান এ পর্যন্ত ৯০টি সিনেমায় অভিনয় করেছেন। তবে সব সিনেমায় যে প্রধান চরিত্র, অর্থাত্ নায়কের ভূমিকায় অভিনয় করেছেন, তা নয়। কোনো কোনো সিনেমায় তাকে প্রতিনায়ক, মানে ভিলেন চরিত্রে দেখা গেছে। অ্যাকশন, কমেডি, রোমান্টিক চরিত্রে পর্দায় উপস্থিত হয়েছেন শাহরুখ বিভিন্ন সিনেমায়। সব ধরনের চরিত্রে নিজেকে চমত্কারভাবে মানিয়ে নেওয়ার সক্ষমতা তাকে সবশ্রেণির দর্শকদের কাছে খুব গ্রহণযোগ্য করে তুলেছে। ৫৩ বছর বয়সী এই বলিউড সুপারস্টার ১৯৮৮ সাল থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। শাহরুখ খানকে রুপালি পর্দায় যেকোনো ধরনের চরিত্রে দেখতে পেলে দর্শক বর্তে যান। কারণ অভিনীত চরিত্রটিকে বিশ্বাসযোগ্যভাবে পর্দায় উপস্থাপনের পাশাপাশি সর্বোচ্চ বিনোদন দিতে সবসময় সচেষ্ট থাকেন তিনি।
শাহরুখ খান এবার দর্শকদের সামনে হাজির হবেন বামন চরিত্রে। মুক্তিপ্রতীক্ষিত ‘জিরো’ সিনেমায় তাকে দেখা যাবে খর্বাকৃতির মানুষ বাউয়া সিং-এর ভূমিকায়। মিরাটের অধিবাসী এই বামুন মানুষটির বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। বয়স ৩৮ চললেও বাউয়া বিয়ের জন্য কোনো পাত্রী খুঁজে পাচ্ছে না সে। বিভিন্ন ঘটকের শরণাপন্ন হলেও তারা কেউই বিয়ের জন্য পাত্রী জুটিয়ে দিতে পারেনি। এ নিয়ে চরম হতাশা গ্রাস করলেও পুরোপুরি হাল ছেড়ে দেয়নি বাউয়া সিং। এক পর্যায়ে সেরিব্রাল পালসি রোগে আক্রান্ত চলত্শক্তিহীন তরুণী নাসার বিজ্ঞানী আফিয়া ভিন্দারের সঙ্গে তার সাক্ষাত্ হয়। তার সঙ্গে বাউয়ার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এরপর দুজন ভালোবাসার বন্ধনে জড়িয়ে পড়ে। একই সময় রুপালি পর্দার সুন্দরী নায়িকা ববিতা কুমারীও বাউয়া সিং-এর প্রতি উত্সাহী হয় বিচিত্র এক আকর্ষণ অনুভব করে। ববিতাও বাউয়াকে একান্তভাবে কাছে পেতে চায়। চার ফুট লম্বা বামন মানুষটিকে ঘিরে দুই নারীর ভালোবাসার লড়াই বেশ জমে ওঠে। একই সময়ে দুই বিপরীতমুখী অবস্থানের দুই নারীর সান্নিধ্যে গিয়ে প্রেম-ভালোবাসার বিচিত্র স্বাদ অনুভব করে বাউয়া সিং। জীবনটাকে আর অর্থহীন মনে হয় না তার কাছে। ভালোবাসাই তার জীবনে পরিপূর্ণতা এনে দেয়। এই চরিত্রে অভিনয় করেছেন বলিউড কিং শাহরুখ খান। এর আগে তাকে এমন চরিত্রে কোনো সিনেমায় দেখা যায়নি। যদিও ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এর আগে কমল হাসান, জনি লিভার, জাগতি শ্রীকুমার ও অনুপম খেরকে বামন চরিত্রে রুপালি পর্দায় দেখা গেছে। শাহরুখ খান ‘জিরো’ সিনেমার প্রযোজকও বটে। সিনেমাটি নির্মাণে প্রচুর অর্থ ব্যয় করেছেন বলিউড কিং। ২০০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটিতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। শাহরুখ খান অভিনীত সবচেয়ে বেশি ব্যয়বহুল সিনেমা হিসেবে গণ্য হচ্ছে ‘জিরো’। বামন চরিত্রে অভিনয় করলেও তিনি এ সিনেমায় দুজন দীর্ঘাঙ্গী নায়িকা ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মাকে পর্দাপ্রেমিক হিসেবে পেয়েছেন। এটাও ‘জিরো’ সিনেমার অন্যতম আকর্ষণ। যদিও শাহরুখ খান ২০১২ সালে ‘জব তক হ্যায় জান’ সিনেমায় আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফের বিপরীতে অভিনয় করেছিলেন।
বলিউডে আজকাল নামীদামি সুপারস্টারদের অনেক সিনেমাই প্রত্যাশা অনুযায়ী বক্স অফিসে সাফল্যের চমক দেখাতে পারছে না। বরং মুখ থুবড়ে পড়ছে। শাহরুখ খান নিজেও তার বিগত কয়েকটি সিনেমার ব্যবসায়িক সফলতা নিয়ে সন্তুষ্ট হতে পারেননি, তেমন প্রেক্ষাপটে তার নতুন সিনেমা ‘জিরো’ এক ধরনের চ্যালেঞ্জ হয়ে আসছে। ২০০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি নতুন এক শাহরুখ খানকে হাজির করবে দর্শকদের সামনে। বামন নায়ক সেজে একই সঙ্গে দুই সুন্দরী নারীর সঙ্গে প্রেম করবেন পর্দায়—এটা দর্শকদের জন্য নতুন এক অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হবে সন্দেহ নেই। বলিউডি সিনেমায় নানা ধরনের বৈচিত্যের সমারোহ লক্ষ্য করা যাচ্ছে আজকাল। শাহরুখ খানের ‘জিরো’ সিনেমাটি বৈচিত্রের নতুন চমক হিসেবে সাফল্যের নতুন রেকর্ড সৃষ্টি করতে সক্ষম হবে কি না সেটাই হলো দেখার বিষয়।
