সিনেমা ছেড়ে অ্যানিমেশন শুরু করেন রাম মোহন

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২০:৩৫

বিনোদন ডেস্ক

 

নব্বই দশকের দেশের তুমুল জনপ্রিয় কার্টুন ‘মীনা’। সমসাময়িক সমাজের বিভিন্ন বিষয় নিয়ে নির্মিত এই কার্টুনটির জনপ্রিয়তা আজ অবধি রয়েছে। সেই ‘মীনা’ কার্টুনের কারিগর রাম মোহন আর নেই। গতকাল সকালে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একইদিনে দুপুর ১টায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। ১৯৫৬ সালে ভারতীয় চলচ্চিত্রে কাজ করা শুরু করেন এ কার্টুনিস্ট। ১৯৬৮ সালে তিনি চলচ্চিত্র বিভাগ থেকে সরে দাঁড়ান। এরপর শুরু করেন প্রসাদ প্রোডাকশনের অ্যানিমেশন বিভাগের প্রধান হিসেবে। ১৯৭২ সালে নিজের প্রতিষ্ঠান রাম মোহন বায়োগ্রাফিক্স চালু করেন। যা বাণিজ্যিক বিজ্ঞাপনে কাজ করেছিল। তবে বিভিন্ন সিনেমায় অ্যানিমেশন ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন তিনি। মৃণাল সেন ও সত্যজিত্ রায়ের সিনেমাতেও রয়েছেন তার কাজ। ৯০-এর দশকে উপমহাদেশের মেয়েদের অধিকার সুংসহত করার লক্ষ্যে প্রচারের উদ্যোগ নেয় ইউনিসেফ। তখন তারা এমন একটি মুখাবয়ব খুঁজছিল, যা সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে। সেজন্য রাম মোহনের কাছে যাওয়া হয়। এরপর তার রঙ-তুলিতে ফুটে ওঠে মীনা কার্টুনের সবার পছন্দের রূপটি। উল্লেখ্য, রাম মোহনের মধ্য দিয়েই ভারতে এই শিল্পের প্রসার হয়। এজন্য তাকে ‘ফাদার অব ইন্ডিয়ান অ্যানিমেশন’ বলা হয়।