আক্কেলপুরে মাটির দেওয়ালে শত বছরের পুরোনো মুদ্রা

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২০:৪০

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় শত বছরের বেশি পুরোনো ৩৪টি মুদ্রা জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার আক্কেলপুর থানার পুলিশ উপজেলার গণিপুর উত্তরপাড়া গ্রাম থেকে মুদ্রাগুলো জব্দ করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গণিপুর উত্তরপাড়া গ্রামের একটি পুরোনো বাড়ি ভাঙার সময় শ্রমিকরা মাটির দেওয়াল খুঁড়তে গিয়ে একটি ছোট্ট পাতিলের ভেতরে মুদ্রাগুলো পান। শ্রমিকরা কাউকে না জানিয়ে সে সব নিজেদের মধ্যেই লুকিয়ে রাখেন।

কাজ শেষ না হলেও শ্রমিকরা বিভিন্ন অজুহাতে কাজ শেষ দেখান। পরে কুড়িয়ে পাওয়া মুদ্রাগুলোকে ‘গুপ্তধন’ বিবেচনা করে শ্রমিকরা নিজেদের মধ্যে এগুলোর ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। ঘটনাটি পুরো গ্রাম জানাজানি হয়। মুদ্রাগুলো নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুদ্রাগুলো একনজর দেখতে ছুটে আসেন প্রতিবেশীরা। শেষ পর্যন্ত ঘটনাটি পুলিশের কানে পৌঁছে। এরপর পুলিশ বৃহস্পতিবার বিকালে তিন জন শ্রমিক ও একজন গ্রামবাসীর কাছ থেকে ৩৪টি মুদ্রা জব্দ করে থানায় নিয়ে যায়।

শুক্রবার দুপুরে পুলিশ মুদ্রাগুলো স্থানীয় সাংবাদিকদের দেখায়। মুদ্রাগুলোতে ১৮৮২, ১৮৮৭, ১৮৯১, ১৮৯২, ১৯০৫, ১৯০৭ ও ১৯১২ সাল লেখা রয়েছে। গণিপুর উত্তরপাড়া গ্রামে বসবাসকারী সানা হোসেন বলেন, উত্তরপাড়ার একটি মাটির বাড়ি ভাঙার সময় শত বছরের পুরোনো পয়সা বা (মুদ্রা) পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কিরণ কুমার রায় বলেন, উপজেলার গণিপুর উত্তরপাড়া গ্রামের একটি মাটির বাড়ি ভাঙার সময় শত বছরের পুরোনো পয়সা (মুদ্রা) উদ্ধার করা হয়েছে।