আটপাড়া উপজেলা নির্বাচন কাল

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২০:৪৩

নেত্রকোনা প্রতিনিধি

উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে নেত্রকোনার আটপাড়ায় আগামীকাল সোমবার উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আটপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশ নেওয়ায় নির্বাচনী প্রচার-প্রচারণা বেশ জমে উঠেছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ছয় জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ছয় জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আটপাড়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়নে ১ লাখ ৮ হাজার ৭৯৯ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫৪ হাজার ৫০৬ জন এবং মহিলা ভোটার হচ্ছেন ৫৪ হাজার ৪৭১ জন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলামের বাড়ি উপজেলার দুওজ ইউনিয়নে। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। তার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন একই ইউনিয়নের বাসিন্দা সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোকাম্মেল হোসেন বাবু। তার বাবা নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা আবদুল খালেক ছিলেন একজন জনপ্রিয় ব্যক্তি। নির্বাচনে বাবার ইমেজ অনেকটা কাজে লাগবে বলে মনে করেন অনেকে। উপজেলা সদরের বানিয়াজান ইউনিয়ন থেকে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে  মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মহিবুজ্জামান খান লিটন। এ ছাড়া সাবেক ছাত্রনেতা মো. হুমায়ুন কবীর লিটন ঘোড়া ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. নজরুল ইসলাম দোয়াত কলম প্রতীকে নির্বাচনে লড়ছেন। অন্যদিকে উপজেলার লুনেশ্বর ইউনিয়ন থেকে বিএনপি মনোনীত একক প্রার্থী তৌছিফুল ইসলাম ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।