ভাণ্ডারিয়ায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২০:৪৩

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়ায় শুক্রবার রাতে নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। জেলের নাম রফিকুল (২৪)।

স্থানীয়রা জানান, ঐদিন সন্ধ্যায় উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের এনায়েত খাঁর ব্রিজ সংলগ্ন পোনা নদীতে মাছ শিকারের জন্য চরগড়া পাতাকে কেন্দ্র করে জেলে রফিকুলের সঙ্গে অপর জেলে মান্নান মুন্সির কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে মান্নান ক্ষিপ্ত হয়ে রফিকুলকে নৌকা থেকে নদীতে ফেলে দিলে সে নিখোঁজ হয় এবং মান্নান পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে আসে। পরে রাত পৌনে ১০টার দিকে ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং বরিশালের ডুবুরি দলের উদ্যোগে পোনা নদী থেকে রফিকুলের লাশ উদ্ধার করে।

ভাণ্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় রফিকুলের বাবা মোতালেব হাওলাদার বাদী হয়ে মান্নানকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।