নাটোরে শিক্ষার্থীদের ৮ কোটি টাকা জমা

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২০:৪৪

স্কুল ব্যাংকিং

নাটোর প্রতিনিধি

নাটোরের ২৪ হাজার শিক্ষার্থী স্কুল ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণ করে প্রায় ৮ কোটি টাকা জমা করেছে। শনিবার লীড ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আয়োজনে নাটোরে অনুষ্ঠিত স্কুল ব্যাংকিং কনফারেন্সে এ তথ্য জানানো হয়েছে। দিনব্যাপী শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আখতারুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক আবুল হাসনাত্ মো. নজরুল ইসলাম, নাটোর আগদিঘা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসীন আলী এবং শিক্ষার্থীদের মধ্যে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নাফিসা গাওহর মেধা প্রমুখ। এর আগে জেলার ২৬টি ব্যাংক ও ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনফারেন্স চত্বরে ব্যাংকিং মেলারও আয়োজন করা হয়।