স্পোর্টস রিপোর্টার
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে আসছেন। একদিনের এই ‘শুভেচ্ছা’ সফরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তিনি দেখা করবেন বলে গতকাল জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীন।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সভাপতি বর্তমানে এশিয়া সফরে আছেন। তারই অংশ হিসেবে তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানায় বাফুফে। বাংলাদেশের আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী ১৬ অক্টোবর, বুধবার মঙ্গোলিয়া সফর শেষ করে ব্যক্তিগত বিমানে চড়ে ঢাকায় আসবেন। একদিনের সফর শেষ করে পরদিনই আবার উড়াল দেবেন লাওসের উদ্দেশ্যে। একদিনের এই সফরে বাফুফের সঙ্গে বৈঠকের পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাত্ করবেন ফিফা প্রধান। আগামী ১৭ অক্টোবর সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন ফিফা প্রধান।
গতকাল শনিবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে ফিফা সভাপতির বাংলাদেশে আসার ব্যাপারে সাংবাদিকদের জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সম্মেলনটিতে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীন, সহসভাপতি কাজী নাবিল আহমেদ, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ বাফুফে কর্তাব্যক্তিরা। ফিফা প্রধানের বাংলাদেশ সফরকে ‘শুভেচ্ছা’ সফর হিসেবেই দেখছে বাফুফে। বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘ফিফা সভাপতির এই সফরকে গুডউইল সফর হিসেবে দেখছি আমরা। তিনি এখানে এসে আমাদের ফুটবল ফেডারেশনের সঙ্গে ফিফার সম্পর্ক আরো জোরদার করার জন্যে। এখানে ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন, আমাদের বর্তমান অবস্থাটাকে সরেজমিনে দেখবেন। বিশ্ব ও এশিয়ান ফুটবল নিয়ে যে লক্ষ্য ও দর্শন নিয়ে এগোচ্ছে ফিফা তাতে আমাদের অবস্থান কী এবং আমাদের করণীয় সম্পর্কে মতবিনিময় করবেন তিনি।’ সাধারণত ফিফা সভাপতি যে কোনো দেশে সফর করলে দেশের ফুটবল উন্নয়নের জন্য বেশ কিছু অর্থ অনুদান দিয়ে থাকেন। কিন্তু বাফুফে জানাচ্ছে, ইনফান্তিনোর শুভেচ্ছা সফরে কোনো প্রকারের অনুদান চাইবে না তারা। কাজী সালাহউদ্দীন বলেন, ‘ফিফা সভাপতির কাছে আমাদের ফুটবলের বর্তমান অবস্থা, হালহকিকত সম্পর্কে সব ধরনের তথ্যই আছে। তিনি বাংলাদেশে আসছেন শুভেচ্ছা সফরে যেখানে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাত্ করবেন তিনি। আমার মনে হয় না এখানে তার কাছ থেকে অনুদান পাওয়ার জন্যে বাড়তি কোনো পরিকল্পনা করা উচিত আমাদের।’
