বড়ো জয়ে বাংলাদেশের সিরিজ জয়

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২১:১০

অনূর্ধ্ব ২১ হকি সিরিজ

স্পোর্টস রিপোর্টার

ওমানের বিপক্ষে অনূর্ধ্ব ২১ হকি টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচে ৪-১ গোলের বড়ো জয় পেয়েছে বাংলাদেশ। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে কোচ মামুনুর রশীদের শিষ্যরা। 

মওলানা ভাসানী স্টেডিয়ামে গতকাল শনিবার মাহবুব হোসাইনের গোলে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। প্রথম কোয়ার্টারের শেষদিকে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা । গোল করেন আশরাফুল ইসলাম। 

তৃতীয় কোয়ার্টারে দারুণভাবে ম্যাচে ফেরে ওমান। তবে কাঙ্ক্ষিত গোলের দেখাই পায়নি সফরকারী দলটি। উলটো তৃতীয় গোলটি পায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে পাওয়া বলে দারুণ এক হিটে গোলটি করেন এ ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক সোহানুর রহমান সবুজ। এর মিনিট পাঁচেক পর পেনাল্টি কর্নার থেকে আবারও একই দৃশ্য দেখে ভাসানী স্টেডিয়াম। নিজের দ্বিতীয় গোলটি করেন সবুজ। শেষদিকে পেনাল্টি কর্নার থেকে গোল হজম করলেও ৪-১ গোলের বড়ো জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ দল।