জীবন সুফিলদের জন্য ভালো খবর

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২১:১২

স্পোর্টস রিপোর্টার, কলকাতা থেকে

ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে কলকাতায় এসেই একটা সুখবর পেয়েছে বাংলাদেশ দল। সুখবরটি হলো, ভারতীয় ফুটবল দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার সন্দেশ ঝিংগনের চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যাওয়া। এই ডিফেন্ডার কাতারের বিপক্ষে দারুণ খেলেছিলেন। দোহার মাঠে কাতার ও ভারত গোলশূন্য ড্র করেছিল। সেই খেলায় কাতার ২৯টি শট হাঁকিয়েছিল ভারতের গোলমুখে। সেই খেলা দেখে ভারতের সাবেক ফুটবল তারকা বাইচুং ভুটিয়া বলেছিলেন, কাতারের বিপক্ষে রক্ষণভাগ ভালো খেলেছিল।

সেই রক্ষণভাগেরই অংশ ঝিংগন বাংলাদেশের বিপক্ষে আগামী মঙ্গলবার মাঠে নামার আগে মাঠছাড়া। হাঁটুতে চোট পাওয়া ঝিংগন ছয় মাস খেলার বাইরে থাকবেন। দলটির ক্রোয়েশীয় কোচ ইগর ইস্তিমাচ এ নিয়ে ‘টেনশনে’ রয়েছেন বলে জানা গেছে। এরকম পরিস্থিতিতে বাংলাদেশ শিবিরে স্বস্তি হতেই পারে। জীবন, সুফিল, জামালরা একটু হলেও স্বস্তি পাবেন ভারতীয় রক্ষণভাগে। তবে এই স্বস্তি নিয়ে একটুও ভাবছে না বাংলাদেশ দল। জামাল ভুঁইয়াদের মতে, এটা নিয়ে আরাম করার সুযোগ নেই।