ভারত-বাংলাদেশ মঙ্গলবার মুখোমুখি
সোহেল সারোয়ার চঞ্চল, কলকাতা থেকে
কলকাতার উত্সব যেন এখনো ফুরোয়নি। শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে মাত্রই। যদিও শহরটির পথে-পথে, মোড়ে-মোড়ে, অলিতেগলিতে এখনো পূজামণ্ডপের বিশাল সাইজের মঞ্চ। পূজার উত্সবের আমেজ লেগে আছে। রাস্তার মোড়ে-মোড়ে ‘নমস্তে ইন্ডিয়া’ লিখে আমন্ত্রণ জানানো হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে এখনো পূজা শেষের আলস্য কাটেনি। শিয়ালদহ ট্রেন স্টেশনে এখনো আলোকসজ্জা চোখে লাগছে। অনেক বাড়ির ছাদেও আছে এমন ছবি। বুঝাই যায় ঢাক শাঁখ ধুনুচি আর উল্লাসের উত্সবে ঝলসে উঠেছিল এই নগরী। কলকাতা ট্রেন স্টেশন থেকে ট্যাক্সি ছুটছিল নিউমার্কেটের দিকে। ট্যাক্সি ড্রাইভার আবুল হাসেম বলছিলেন, ‘বুধবার পর্যন্ত ছুটি ছিল। এখনো আনন্দ হচ্ছে।’ শুক্রবার কলকাতার রেড রোডে পূজা কার্নিভাল হয়েছে। রাস্তার ওপরে বিশাল আয়োজনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর লেখা গানে নৃত্য পরিবেশন করেছেন শিল্পীরা। মুখ্যমন্ত্রী নিজে সেখানে উপস্থিত থেকে সবার সঙ্গে কথা বলেছেন। আলোয় বর্ণময় পূজা কার্নিভাল থাকায় তার আশপাশের সড়কে ভিড় হয়। এছাড়া নিউমার্কেট, মারকুস স্ট্রিট, ফায়ার সার্ভিসের সড়কগুলো প্রায় ফাঁকাই বলা যায়। বাংলাদেশ থেকে যারা বেড়াতে এসেছেন কিংবা চিকিত্সা করাতে, তারা খুব ভিড় পাচ্ছেন না। চলাফেরায় আরাম পাচ্ছেন। আবহাওয়া খুব একটা খারাপ না। একটু গরম থাকলেও এখনো শরতের কাশফুলের স্পর্শ অনুভব করা যায় বাতাসে। এই শহরেই দুদিন বাদে ফুটবল লড়াই। পূজার উত্সব শেষ হতে না হতেই শুরু ফুটবলের উত্সব। যদিও সেই উত্সব মাত্র একদিনের। ম্যাচ হবে আগামী মঙ্গলবার। আর তাতেই ফুটবলের দুই শিবিরে টানটান উত্তেজনার গন্ধ ছড়িয়ে পড়েছে কলকাতার ফুটবলে। ফিফা ২০২২ বিশ্বকাপ ফুটবলের বাছাই ম্যাচ। বিশ্বকাপে যোগ্যতা অর্জনের আরেকটি ধাপের ম্যাচ। তর্কবিতর্ক নিয়ে শেষ হয়েছে কলকাতার ফুটবল লিগ। ইস্ট বেঙ্গল মাঠে আসেনি, আর এই নিয়ে কলকাতার ফুটবলে বিতর্ক। পিয়ারলেসকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে যাচ্ছে। লিগ নিয়ে তর্কবিতর্কের মাঝে চোখ সল্ট লেকের মাঠে, বিশ্বকাপের লড়াইয়ে। বৃহস্পতিবার রাতে ঢাকায় কাতারের কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ ফুটবল দল শুক্রবার সকালে ঢাকা থেকে বিলম্বিত ফ্লাইটে কলকাতার দমদম বিমানবন্দর ছুঁয়েছে দুপুরে। বিমানবন্দরের কাছেই টেংরা এলাকায় পাঁচ তারকা হোটেলে পৌঁছে বিকালে সুইমিং এবং জিমের মধ্যে কাটিয়েছেন জামাল ভুঁইয়া, সোহেল রানা, রায়হান, আশরাফুল রানা, সুফিল, বিপলু, রবিউলরা। নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন ভারতের বিপক্ষে মহারণের জন্য। প্রস্তুত হয়ে আছে কলকাতাও। অপেক্ষা এবার কেবল ফুটবল উত্সবের।
কাতারের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দেখেছে ভারতীয় সংবাদ মাধ্যম। জামাল ভুঁইয়াদের ঝাঁজানো ফুটবল ভারতীয় সংবাদ মাধ্যমকে হোটেলে টেনে নিয়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া, ব্রিটিশ কোচ জেমি ডে। জেমির কণ্ঠে সাহসিকতার ঝাঁজ। যদিও ভারতকে এগিয়ে রেখেছেন তিনি। তারপরও জানিয়ে দিয়েছেন বাংলাদেশকে দুর্বল ভাবলে ভারত ভুল করবে। কাতার ম্যাচ নিয়ে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ডেনমার্ক ফেরত জামাল। কাতার ম্যাচ নিয়ে তিনি আফসোস করেছেন। কলকাতার ফুটবল কিংবা সংবাদ মাধ্যমের কাছে জামাল পরিচিতই। কারণ শেখ জামালের হয়ে আইএফএ শিল্ডে খেলে গেছেন। তার দিকে বাড়তি নজর সবার। গতকাল সকালে বাংলাদেশ ফুটবল দল অনুশীলন করেছে সল্ট লেক স্টেডিয়ামের বাইরের মাঠে। দুই ঘণ্টার অনুশীলন। কাতার ম্যাচে যেসব ভুল ছিল কাটিয়ে উঠতে জেমি তার ছেলেদের মন্ত্র শিখিয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ-ভারত ম্যাচ শুরু রাত আটটায়। ভারতের ক্রোয়েশিয়ান কোচ ইগর ইস্তিমাচ কলকাতার ফুটবল দর্শকদের বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে খেলা। আপনি আসছেন তো?’
