স্পোর্টস ডেস্ক
তৃতীয় দিনের খেলা শেষ হতে না হতেই পুনেতে প্রায় নিশ্চিত পরাজয়ের পথে হাঁটা শুরু করেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা দল। তৃতীয় দিনের শেষ বেলায় অলআউট হওয়ার আগে দলটি করেছে মাত্র ২৭৫ রান। মানে ভারতের ৬০১ রানের জবাবে নিশ্চিত ফলোঅন। যদিও বিরাট কোহলি প্রতিপক্ষকে ফলোঅনে ফেলবেন কি ফেলবেন না—তার উত্তর জানার আগেই দিনের খেলা শেষ হয়ে গেছে। চালকের আসনে থাকা ভারত দক্ষিণ আফ্রিকাকে আবারও ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেও অবশ্য অবাক হওয়ার কিছু নেই। কারণ এখনো ফাফ ডু প্লেসিসের দল স্বাগতিকদের চেয়ে ৩২৬ রানে পিছিয়ে আছে।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রানের লিড। এর আগে ২০০৯-১০ মৌসুমে দলটির বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনে ভারত প্রথম ইনিংসে এগিয়েছিল ৩৪৭ রানে। তিন উইকেটে ৩৬ রান নিয়ে দিন শুরু করা প্রোটিয়াদের বিপদ বাড়ে গতকাল সকালে। আর মাত্র ১৭ রান যোগ করেই দুই উইকেটের পতন হয়। এরপর চূড়ান্ত পতন ঠেকান ফাফ ডু প্লেসিস। অধিনায়ক করেন ৬৪ রান। তিনি কুইন্টন ডি ককের সঙ্গে ষষ্ঠ উইকেট জুটিতে যোগ করেন ৭৫ রান। এরপর আবারও ছোট্ট একটা ধস নামে। ১৩৯ রানের মাথায় সপ্তম উইকেটের পতন হয় দলটির। আর ১৬২ রানের মাথায় অষ্টম উইকেটও চলে যায়। সেই অবস্থা থেকে মনে হচ্ছিল ২০০র নিচেই অলআউট হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। সেটা হয়নি টেল এন্ডারে কেশব মহারাজ ও ভার্নন ফিল্যান্ডারের ১০৯ রানের জুটির সুবাদে। মহারাজ করেন ৭২ রান। আর ফিল্যান্ডার ৪৪ রানে অপরাজিত থাকেন।
ভারতের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি চতুর্থ ভারতীয় বোলার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন। এর আগেই এই মাইলফলকে পৌঁছে যাওয়া সবাই কিংবদন্তি। তারা হলেন: অনিল কুম্বলে (৮৪), জাভাগাল শ্রীনাথ (৬৪) ও হরভজন সিং (৬০)।
