এই সময়ের ছড়া

বারো হাত কাঁকুড়ের তেরো হাত বিচি

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২১:১৬

সৈয়দ আল ফারুক

 

বউয়ের চেয়ে শালির দরদ বেশি

মায়ের চেয়ে মাসীর

নকল যারা দখল তাদের হাতে

মূল্যটা নেই ভালোবাসাবাসির।

 

মাছের চেয়ে কাঁটার কদর বেশি

ভাতের চেয়ে ডালের

ভরার চেয়ে ‘খালি’র কদর বেশি

নদীর চেয়ে খালের।

 

বাঁশের চেয়ে কঞ্চি বেশি বড়

মূল্যটা কম বাঁশের

রোদের চেয়ে বালির গরম বেশি

খুব বেশি নেই বাকি সর্বনাশের!

 

ডাঁট যদি হয় দায়ের চেয়ে বড়

ভয়ে থাকে সবাই জড়সড়!