g বিনোদন রিপোর্ট
বিয়ের সঙ্গীতানুষ্ঠান, আর তাতেই হাজির হন বলিউড আর পশ্চিমা বিশ্বের বাঘা বাঘা সব তারকা। তবে এটি সিনেজগতের কারো বিয়ে নয়। এটি ভারতের জনপ্রিয় পরিবার মুকেশ আম্বানি ও নিতা আম্বানির মেয়ে ইশা আম্বানির বিয়ে। আর তাতেই হাজির হন রাজ্যের যত তারকা। এ তালিকায় ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস, ঐশ্বরিয়া রাই বচ্চন-অভিষেক বচ্চন, শাহরুখ খান-গৌরী খান, বরুণ ধাওয়ান, বিদ্যা বালান, শহীদ কাপুর, কারিশমা কাপুর, সালমান খান, করণ জোহরসহ আরো অনেকে। গান গাইতে আসেন মার্কিন গায়িকা বিয়ন্সেও। এমনকি এই অতিথির তালিকায় ছিলেন মার্কিন রাজনীতিক ও সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটনও। মুকেশ আম্বানির মেয়ে ২৭ বছর বয়সী ঈশা আম্বানি গত ১১ ডিসেম্বর মুম্বাইয়ে ৩৩ বছরের আনন্দ পিরামলকে বিয়ে করেন। আর তা নিয়েই চলে উত্সব। ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরের ওবেরয় উদয় বিলাস হোটেল নানারঙের আলো দিয়ে সাজানো বেশ কয়েকদিন ধরেই। সেখানেই হয় বিয়েপূর্ব আয়োজন ও নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। ৯ ডিসেম্বর সন্ধ্যায় সেখানে অনুষ্ঠিত হয় সঙ্গীতানুষ্ঠান। সেখানে অংশ নেন বিয়ন্সে ও অরিজত্ সিং। মঞ্চে নেচেছেন শাহরুখ খান-গৌরী, অভিষেক-ঐশ্বরিয়াসহ বলিউডের বেশ কয়েকজন তারকা।
