হলগুলো নিরাপদ করুন

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২১:১৯

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর স্বাভাবিকভাবেই হলে থাকা ছাত্রছাত্রীদের বাবা দুশ্চিন্তাগ্রস্ত। গ্রাম-গঞ্জ থেকে কত ছেলেমেয়ে বুক ভরা আশা নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে। ক্ষমতা রাজনীতি কী জিনিস তারা এসব  বোঝে না। তাদের শুধু একটাই চিন্তা—পড়তে হবে, বাবা-মায়ের কষ্ট সার্থক করতে হবে। অথচ সে ছেলেমেয়েদের রাজনীতির জালে আটকে ফেলা হচ্ছে। হল প্রশাসনের চোখের সামনে এই ধরনের অপরাধ  অহরহ ঘটছে। অথচ তাদের যেন কোনো দায় নেই! খবর নিলে দেখা যাবে, অধিকাংশ প্রভোস্ট সপ্তাহান্তে  একবার এসে হাজিরা খাতায় সাইন করেন। হলগুলোর মূল পরিচালক ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন। এটি আজ থেকে নয়। বহুকাল ধরে চলছে। তারা শুধু বলে, আগের ছাত্রসংগঠন এর চেয়ে জঘন্য করেছে। আরেকজন করল বলে আমাকেও করতে হবে? এখনি এর লাগাম টানা উচিত। ছাত্ররাজনীতির দরকার আছে। ভবিষ্যত্ রাজনৈতিকরা কামারশালা থেকে উঠে আসবে না নিশ্চয়ই, তারা ছাত্ররাজনীতি থেকে আসবে। তবে এই ছাত্র বয়সেই যাদের এত দাপট এরা নেতা হলে কী হবে দেশের অবস্থা, ভাবা যায়! সরকার ও প্রশাসনকে বলব—বিশ্ববিদ্যালয়গুলোর নিশ্ছিদ্র নিরাপত্তা রক্ষা করতে সহযোগিতা করতে। এই ক্ষেত্রে প্রভোস্টসহ পুরো প্রশাসনের ভূমিকা অপরিহার্য। আশা করি, এই দুর্বৃত্তায়নের জাল ছিঁড়ে আমাদের আগামীর মেধাবীদের বাঁচিয়ে রাখবেন।

সিরাজুল মোস্তফা

চট্টগ্রাম