দ্বিতীয় দিনেই জমজমাট গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উত্সব। মঞ্চে মঞ্চে বাংলাদেশ ও ভারতের শিল্পীদের পরিবেশনা আর দর্শকদের উপস্থিতি জমিয়ে দিয়েছে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উত্সব পর্ষদ আয়োজিত ১০ দিনব্যাপী অষ্টম গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উত্সবে ঢাকা মহানগরীর ছয়টি মঞ্চে একযোগে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ভারতের পাঁচটি দলসহ মোট ১২১টি দল এই উত্সবে অংশ নিয়েছে।
গতকাল শনিবার ছিল ভারতের স্বনামধন্য নাট্যদল সায়কের বিখ্যাত নাটক ‘দায়বদ্ধ’র পরিবেশনা। এই নাটককে ঘিরে বাংলাদেশের নাট্যামোদীদের আগ্রহ ছিল তুঙ্গে। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চস্থ হয় নাটকটি। নাটকটি রচনা করেছেন চন্দন সেন, নির্দেশনা দিয়েছেন মেঘনাদ ভট্টাচার্য। এছাড়া এক্সপেরিমেন্টাল থিয়েটারে মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাট্যদল নাট্যতীর্থর নাটক ‘কঙ্কাল’। নাট্যরূপ দিয়েছেন রবিউল আলম, নির্দেশনায় ছিলেন তপন হাফিজ। স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হয় প্যান্টোমাইম মুভমেন্টের নাটক ‘প্রাচ্য’। সেলিম আল দীনের নাটকটির নির্দেশনা দিয়েছেন রিজোয়ান রাজন। এদিকে বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হয় থিয়েটার আর্ট ইউনিটের নাটক ‘গোলাপজান’। এর রচনা ও নির্দেশনা দিয়েছেন এস এম সোলায়মান।
গতকাল উত্সবের দ্বিতীয় দিন থেকে জাতীয় সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা একাডেমির মঞ্চে শুরু হয় অনুষ্ঠান। এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কবি ড. মুহাম্মদ সামাদ। অতিথি ছিলেন গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি শিল্পী ফকির আলমগীর, আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, নাট্যজন মীর জাহিদ হাসান। সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ফকির সিরাজ। উদ্বোধন শেষে দর্শনির বিনিময়ে ঋষিজ শিল্পীগোষ্ঠীর সংগীতানুষ্ঠান ‘সখিনার সংগ্রাম’ ও স্পন্দনের নৃত্যানুষ্ঠান ‘জন্মেছি এই দেশে’ পরিবেশিত হয়।
অপরদিকে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠান শুরু হয় বিকাল সাড়ে চারটা থেকে। এই মঞ্চে পথনাটক পরিবেশন করে উত্স নাট্যদল। দলীয় আবৃত্তিতে অংশ নেয় মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র। দলীয় সংগীত পরিবেশন করে স্বভূমি। আর দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যাক্ষ। শিমু-কিশোর পরিবেশনা নিয়ে এসেছিল আমরা কুঁড়ি ও ভিন্নধারা শিশু-কিশোর মেলার শিল্পীরা। আজ রবিবার জাতীয় নাট্যশালা মিলনায়তন, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল, বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে নাটক শুরু হবে সন্ধ্যা ৭টায়। জাতীয় সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং মুক্তমঞ্চের অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪টায়।
