জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২১:৩৫

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল নানা আয়োজনে পালন করা হয়েছে। ১৯৬৯ সালের ১২ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সর্ববৃহত্ শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক লীগ’ প্রতিষ্ঠা করেন। সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে গতকাল সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সংগঠনের নেতারা। সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এক বর্ণাঢ্য র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের সভাপতি শুক্কুর মাহামুদ সভাপতিত্ব করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, পাকিস্তানি শাসক ও শোষক গোষ্ঠীর অত্যাচার-নির্যাতন থেকে বাংলার শ্রমজীবী মানুষের মুক্তির লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৯ সালের ১২ অক্টোবর জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে স্বাধিকার ও স্বায়ত্তশাসনের আন্দোলন ও মহান মুক্তি যুদ্ধসহ সব আন্দোলন-সংগ্রামে এই সংগঠনের রয়েছে ঐতিহাসিক ভূমিকা। তিনি জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। তিনি একাত্তরের পরাজিত শক্তি, যুদ্ধাপরাধী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, অর্থপাচারকারীসহ যেকোনো ষড়যন্ত্র-চক্রান্তকারীদের রুখে দিয়ে উন্নত বাংলাদেশ বিনির্মাণে শ্রমিক লীগের সর্বস্তরের নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আলহাজ মো. সিরাজুল ইসলাম, সহসভাপতি মো. হাবিবুর রহমান আকন্দ, মো. আমিনুল হক ফারুক প্রমুখ।