মুজিববর্ষ আয়োজনে লোগো ওয়েবসাইট ও পোস্টার

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২১:৩৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ে গতকাল লোগো ও পোস্টার বাছাইয়ের চূড়ান্ত কার্যক্রম নিয়ে দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আরো একটি সভায় মুজিববর্ষ (হানড্রেড ইয়ারস অব মুজিব) শীর্ষক ওয়েবসাইটের বিষয়বস্তু চূড়ান্ত করার উদ্দেশে আলোচনা করা হয়। 

মুজিববর্ষের ওপর সারাদেশ থেকে জমা পড়া ২ হাজার ৩৮৭টি লোগোর মধ্য থেকে ১৩টি লোগো বাছাই করা হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপনের জন্য গতকাল সর্বসম্মতিক্রমে সেরা পাঁচটি লোগো বাছাই করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমানের সভাপতিত্বে লোগো বাছাই কমিটিতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।

এ ছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সভায় উপস্থিত ছিলেন জাতীয় বাস্তবায়ন কমিটির মুখ্য সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, দেশের বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার, হাশেম খান, অধ্যাপক রফিকুন্নবী, চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন, সাংবাদিক অজয় দাশগুপ্ত, ডা. নুজহাত চৌধুরী এবং ফারজানা আহমেদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম, এটুআই প্রকল্পের পরিচালক ড. মো. আব্দুল মান্নান এবং লোগোসমূহ সমন্বয়ের দায়িত্বে থাকা এটুআই প্রকল্পের কর্মকর্তা পূরবী মতিন।

পোস্টার বাছাই কমিটির সভায় সভাপতিত্ব করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির মুখ্য সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। বঙ্গবন্ধুর অমর উক্তিমালা সর্বসাধারণের কাছে পোস্টারের মাধ্যমে উপস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ওয়েবসাইটের বিষয়বস্তু নির্ধারণের সভায় সভাপতি ছিলেন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল  ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান। —প্রেস বিজ্ঞপ্তি