চেন্নাইয়ের মমল্লপুরমের সমুদ্রসৈকতের কাছে একটি রিসোর্টে ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন যুগ শুরু হলো। দুই প্রতিবেশী দেশ সিদ্ধান্ত নিয়েছে, বিশ্বে সন্ত্রাসবাদ দমনে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে। আর বাণিজ্য, যোগাযোগ, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সম্পর্ককে আরও জোরাদার করে তুলবে নয়াদিল্লি ও বেইজিং।
চিনা প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে শুক্র ও শনিবারের দুই দফার বৈঠকের পর দৃশ্যত খুশি এই দুই নেতা। ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ‘উহানের শীর্ষ সম্মেলন ভারত ও চিনের পারস্পরিক বিশ্বাস ও সম্পর্ককে জোরদার করতে বড় ভূমিকা নিয়েছিল। আর চেন্নাইয়ের এই বৈঠকে দুই দেশই পারস্পরিক সম্পর্কে একটি নতুন যুগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।’ চিনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর দুই দেশের প্রতিনিধি দলের বৈঠকে এ কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। পরে সংবাদ সম্মেলনে একই কথা জানান দেশটির পররাষ্ট্র সচিব বিজয় গোখলে।
শুক্রবার রাতের বৈঠক সম্পর্কে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ‘মোদির সঙ্গে আমার বন্ধুর মতো কথা হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা হয়েছে খুবই আন্তরিক ভাবে। নতুন যুগ শুরু হল দুই দেশের সম্পর্কে।’ এ দিন পররাষ্ট্র সচিব গোখলে বলেন, ‘মোদির সঙ্গে বৈঠক সেরে নেপাল রওনা হওয়ার আগে চিনা প্রেসিডেন্ট জানিয়ে গিয়েছেন বৈঠকে তিনি ভীষণ খুশি। এখন থেকে দুই দেশের সম্পর্ককে আরো জোরালে করার ভূমিকা রাখবে এই বৈঠক।’
কাশ্মীর নিয়ে কোনও অস্বস্তি যাতে মাঝপথে তৈরি না হয়, সে জন্য কোনও প্রশ্ন ওঠেনি এই প্রসঙ্গে। বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মহাবলীপুরম মন্দির ঘুরে দেখেন জিনপিং, যা এখন মমল্লপুরম নামে পরিচিত। তার পর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দুই রাষ্ট্রপ্রধান। অনুষ্ঠানের পর নৈশভোজও সারেন তাঁরা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘কট্টরপন্থা ও সন্ত্রাসবাদকে সাধারণ চ্যালেঞ্জ হিসাবে বিবেচনা করে ভারত ও চিন তার বিরুদ্ধে এক সঙ্গে লড়াই করতে সম্মত হয়েছে।’ দুই রাষ্ট্রনেতাই দোভাষীর সাহায্যে বাণিজ্য ঘাটতি-সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন। সেই আলোচনা ছিল এতটাই ঘরোয়া যে, সেখানে বিভিন্ন রকমের স্থানীয় তামিল খাবারদাবারের প্রসঙ্গও উঠে আসে। দুই নেতাই একে অপরের সঙ্গে ভাল সময় কাটিয়েছেন।’ দুই নেতাই একে অপরকে তাঁদের জাতীয় দর্শন কী তা জানিয়েছেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতার পথে কীভাবে এগোনো যায়, তা নিয়ে কথা বলেছেন। খবর এনডিটিভি, আনন্দবাজার।
