‘পাগলা’ মিজান রিমান্ডে

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২২:২৪

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে ‘পাগলা’ মিজানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শনিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় মোহাম্মদপুর থানার মানি লন্ডারিং আইনের মামলা সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত সংস্থা সিআইডির পরিদর্শক গিয়াস উদ্দিন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।        এর আগে র্যাব-২-এর একজন কর্মকর্তা বাদী হয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করে। এছাড়া তাকে গ্রেফতারের সময় অস্ত্র পাওয়া যাওয়ায় শ্রীমঙ্গল থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা হয়েছে। র্যাব-২-এর সিইও লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, মিজানের বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে শ্রীমঙ্গলে একটি অস্ত্র মামলা এবং রাজধানীর  মোহাম্মদপুরে মানি লন্ডারিং আইনে মামলা।

শুক্রবার ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে কাউন্সিলর মিজানকে আটক করে র্যাব। র্যাব সদর দপ্তর থেকে জানানো হয়, চলমান জুয়া ও ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। কাউন্সিলর মিজান দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন বলে জানিয়েছে র্যাব। তার বিরুদ্ধে ক্যাসিনোকাণ্ডে সম্পৃক্ততারও প্রমাণ আছে বলে জানা গেছে। এদিকে পাগলা মিজানের যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় বাড়ি-গাড়ির সন্ধান পাওয়া গেছে। অবৈধভাবে উপার্জিত অর্থ থেকে মিজান এসব সম্পদের মালিক হয়েছেন বলে র্যাবের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে।