সরকার এখন খাদের কিনারায় :বিএনপি

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২২:২৪

বিএনপি নেতারা বলেছেন, বাংলাদেশের মানুষ, ছাত্রসমাজ ফুঁসে উঠেছে। আবরার রক্ত দিয়ে সরকার পতন আন্দোলনের সূত্রপাত করে গেছেন। সরকার এখন খাদের কিনারায়। তাদের পতন সময়ের ব্যাপার মাত্র। এ ধরনের সরকার জনগণ কখনো বরদাশত করে না। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে আয়োজিত জনসমাবেশে বিএনপির শীর্ষ নেতারা এ সব কথা বলেন।

প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর সফরকালে ভারতের সঙ্গে করা চারটি চুক্তির কোনোটিই বাংলাদেশের স্বার্থে নয়। ফেনী নদীর পানি, মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার, উপকূলে রাডার স্থাপন, এলপিজি গ্যাস রফতানি- সবচুক্তিই হয়েছে ভারতের স্বার্থে। ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, দেশবাসী গত ১২ বছর ধরে আওয়ামী লীগের সোনার ছেলেদের তাণ্ডবলীলা দেখেছে। আওয়ামী লীগ এবং এই সরকার দুর্নীতিতে আকণ্ঠ ডুবে গেছে। তারা এমন খাদে পড়েছে, এই খাদ থেকে তাদের নিষ্কৃতি  নেই। মির্জা আব্বাস বলেন, প্রধানমন্ত্রী ভারতকে একতরফা দান করে দিয়ে আসলেন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর (উত্তর) বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাছিত আনজু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আলী আশফাক, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু প্রমুখ।  সভাপতিত্ব করেন ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সভাপতি হাবীব-উন-নবী খান সোহেল।

পূর্বঘোষিত এ সমাবেশ দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টার মধ্যেই বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী সমর্থকরা নয়াপল্টনে এসে জড়ো হন। কিন্তু অনুমতি না থাকায় দুপুর ১টা পর্যন্ত পুলিশ সেখানে কাউকে দাঁড়াতে দিতে চায়নি। এ সময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। দুপুর ১টা ২০ মিনিটে পুলিশের কাছ থেকে দুই শর্তে জনসমাবেশ করার অনুমতি পায় বিএনপি। রাস্তার ওপর মঞ্চ তৈরি না করা এবং গাড়ি চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা রাখার শর্ত মেনে নিয়ে দুপুর দেড়টায় সমাবেশ শুরু করে বিএনপি।