অস্কার বিজয়ী জেন ফন্ডাকে শুক্রবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। সেখানে তিনি জলবায়ুবিষয়ক বিক্ষোভে অংশ নিয়ে পরিবেশ রক্ষায় অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছিলেন। খবর এএফপির
জেন ফন্ডা (৮১) মার্কিন অভিনেত্রী, অ্যাক্টিভিস্ট ও শরীরচর্চার গুরু। সরকারি ভবনের সামনে ১০ মিনিটের বিক্ষোভকালে আরো কয়েকজনের সঙ্গে ফন্ডাকে গ্রেফতার করা হয়। তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, পুলিশ বিক্ষোভের কারণে ১৬ জনকে গ্রেফতার করেছে। তবে বিবৃতিতে আটককৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি। ফন্ডা সম্প্রতি লস অ্যাঞ্জেলেস টাইমসকে বলেছিলেন, তিনি চার মাসের জন্যে ওয়াশিংটনে অবস্থান করবেন। সুইডিশ অ্যাক্টিভিস্ট গ্রিটা থুনবার্গের মতো তিনিও বিশ্ব উষ্ণায়নবিরোধী লড়াইয়ের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। এদিকে গ্রেফতারের আগে ফন্ডা ছোট্ট সমাবেশে অংশগ্রহণকারীদের উদ্দেশে মানুষের কারণে এই জলবায়ুর সংকট তৈরির তীব্র সমালোচনা করেন এবং বলেন, তিনি ও অন্য কর্মীরা প্রতি শুক্রবার বেলা ১১টায় ঝড়, বৃষ্টি, তুষারপাত সবকিছু উপেক্ষা করেই ক্যাপিটল হিলের সামনে হাজির হবেন।
