বরিশালে ঐতিহ্যবাহী স্থাপনা ঘুরে দেখলেন ভারতীয় হাইকমিশনার

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২২:২৮

বরিশাল সফরের দ্বিতীয় দিন নগরীর ঐহিত্যবাহী অক্সফোর্ড মিশন গীর্জা এবং কবি জীবনানন্দ দাশ স্মৃতি পাঠাগার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস। গতকাল শনিবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর অক্সফোর্ড মিশন রোডের অক্সফোর্ড মিশন গীর্জা পরিদর্শন করেন তিনি। এ সময় মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখা বাংলাদেশপ্রেমী ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস, ফাদার এবং সিস্টারদের সঙ্গে মতবিনিময় করেন ভারতীয় হাইকমিশনার।

পরে তিনি কবি জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগার পরিদর্শন করেন। সেখানে বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি মো. মইদুল ইসলাম তাকে স্বাগত জানান এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি উপহার হিসেবে দেন। হাইকমিশনার এ সময় পাঠাগার ঘুরে দেখেন। তবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। বিকালে বরিশাল সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে মতবিনিময় করেন হাইকমিশনার।

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে ছিলেন স্বামী প্রশান্ত কুমার দাস এবং খুলনায় নিযুক্ত সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়ন। এর আগে তিন দিনের সফরে শুক্রবার বিকালে বরিশাল আসেন রিভা গাঙ্গুলী দাস। আজ রবিবার ঝালকাঠির ভিমরুলীর ভাসমান পেয়ারা বাজার এবং পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দর পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তার।