তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, বর্তমান শুদ্ধি অভিযান সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করলেও যথেষ্ট নয়। এই শুদ্ধি অভিযান কত দিন চলবে, কত বছরে সফল হবে? ছয় মাস নাকি ছয় বছর, নাকি ১০ বছর চলবে—এ বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। দেশে সুশাসন প্রতিষ্ঠিত হলে শুদ্ধি অভিযানের আর কোনো প্রয়োজনীয়তা থাকবে না। যতক্ষণ পর্যন্ত সুশাসন নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত দুর্নীতি, অরাজকতা, আইনের লঙ্ঘনসহ অজস্র সমস্যা চলতেই থাকবে। আর এ সমস্যা থেকে বের হয়ে আসার একমাত্র উপায় হলো সুশাসন প্রতিষ্ঠা করা।
গতকাল শনিবার সরকারের বর্তমান শুদ্ধি অভিযান নিয়ে ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় লালমাটিয়া মহিলা কলেজকে হারিয়ে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া বিজয় লাভ করে।
আকবর আলি খান বলেন, প্রধানমন্ত্রী বর্তমান শুদ্ধি অভিযান পরিচালনার মাধ্যমে বাংলাদেশের মানুষের মনে যে আশা জাগিয়েছেন তিনি সেটাকে সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে রূপান্তরিত করবেন বলে আশা করি।
হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বর্তমান শুদ্ধি অভিযানে অবৈধ ক্যাসিনো সম্রাটদের গ্রেফতার করা হলেও ঘুষ, দুর্নীতি, ব্যাংক, শেয়ারবাজার জালিয়াতির মাধ্যমে যারা হাজার হাজার কোটি টাকা লুট করেছে, তাদের গডফাদারদের দৃশ্যমান বিচার এখনো নিশ্চিত করা যায়নি। প্রধানমন্ত্রীকে চলমান শুদ্ধি অভিযান পরিচালনার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলেই সব প্রকার অনিয়ম, দুর্নীতি বন্ধ করা সম্ভব। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।
