বাসযোগ্য নগর গড়তে আইনের কঠোর প্রয়োগ দরকার :গণপূর্তমন্ত্রী

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ০০:২২

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশে আইন, নীতি ও নিয়মের ঘাটতি নেই। বাসযোগ্য নগর গড়ে তুলতে দরকার আইনের কঠোর প্রয়োগ। আমাদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন। রাজউকের আইন আছে, পরিবেশের আইন আছে, যানবাহন আইন আছে; কিন্তু আমরা এ আইন অনুসরণ করছি না। আমাদের যথাযথভাবে আইন অনুসরণ করতে হবে। গতকাল শনিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আয়োজিত ‘বাসযোগ্য নগরী গড়ে তুলতে করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গণপূর্তমন্ত্রী বলেন, কিছু অতি মুনাফা লাভের প্রবণতা থেকে আইন না মানার প্রবণতা তৈরি হয়েছে। এটা সবচেয়ে ভয়ংকর সমস্যা। এফআর টাওয়ারের ঘটনার পর ঢাকার বহুতল ভবন পরিদর্শন করে ১৮১৮টি বহুতল ভবন পাওয়া গেছে, যেখানে কোনো আইনের অনুসরণ করা হয়নি। এ ভবনের মালিকরা অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তি। তারা কিন্তু আইন জেনেও তা মানেননি।

দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় আরো বক্তব্য রাখেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. সুলতান আহমেদ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম, বিএলডিএ’র মহাসচিব মোস্তফা কামাল মহিউদ্দীন, আলমগীর শামসুল আলামিন, মঞ্জুর হোসেন, জাহিদ হোসেন, আবদুল লতিফ হেলালী প্রমুখ।