ফতুল্লায় দোকান মালিকের সাত বছরের শিশুকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করার ঘটনায় কর্মচারী কবির হোসেনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শনিবার সকালে ধর্ষণের শিকার শিশুর বাবা বাদী হয়ে ধর্ষক কবির হোসেনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। তার সাত দিনের রিমান্ড চেয়ে শনিবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে কবির এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় শিশুর পরিবার ও এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ শহরের উত্তর চাষাঢ়া হতে তাকে গ্রেফতার করে। এসময় মোবাইলে ধারণকৃত ধর্ষণের ভিডিওচিত্র কবির হোসেনের কাছ থেকে জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃত কবির হোসেন চাঁদপুর জেলার উত্তর মতলব থানার উত্তর রামপুরা এলাকার আবদুল হান্নান ওরফে হান্নু মিয়ার ছেলে। মামলার সূত্রে জানা গেছে, কবিরকে গ্রাম থেকে এনে নিজের হালুয়া রুটির দোকানে কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছিলেন ধর্ষণের শিকার শিশুটির বাবা। দীর্ঘ পাঁচ মাস ধরে এভাবে শিশুটিকে পর্যায়ক্রমে ধর্ষণ করে আসছিল কবির। এমনকি শিশুটিকে বিভিন্ন স্থানে বেড়াতে নিয়ে গিয়েও পাশবিক নির্যাতন চালাত কবির। গত বৃহস্পতিবার শিশুটি পুরো ঘটনা তার মাকে জানায়। পরে কবির যখন জানতে পারে শিশুটি সব তার মাকে জানিয়ে দিয়েছে তখন সে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মোদাচ্ছের হোসেন জানান, শিশুটিকে যেভাবে ধর্ষণ করেছে, তা চলচ্চিত্রকেও হার মানিয়েছে।
