তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রধানমন্ত্রী আন্তরিক। প্রধানমন্ত্রী কতটুকু আন্তরিক তা বিভিন্ন দিবসে তার পাঠানো শুভেচ্ছা কার্ডে অটিস্টিক শিশুদের আঁকা ছবির ব্যবহার থেকেই প্রতীয়মান হয়। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে শনিবার আত্মহত্যা প্রতিরোধমূলক সংগঠন ‘ব্রাইটার টুমরো ফাউন্ডেশন (বিটিএফ)’ ও রোটারি ক্লাবের আয়োজনে এক সেমিনারে তথ্য প্রতিমন্ত্রী একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আত্মহত্যা প্রতিরোধের বিষয়টি পরিবার হতেই শুরু হতে হবে। তিনি বলেন, বিভিন্ন আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়ে শিগিগর একটি কর্ম পরিকল্পনা গ্রহণ করা হবে। এছাড়া তিনি আত্মহত্যা প্রতিরোধে হেল্পলাইন প্রতিষ্ঠা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অংশগ্রহণের বিষয়ে আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি সংসদ সদস্য নাহিদ ইজাহার খান বলেন, যেহেতু শিশু-কিশোররা আত্মহত্যার জন্য বেশি ঝুঁকিপ্রবণ। তাই তাদের ওপর অতিরিক্ত চাপ এবং তাদেরকে অস্বাভাবিক প্রতিযোগিতা হতে দূরে রাখতে হবে।
বিটিএফ-এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়শ্রী জামান সেমিনারে সংগঠনটির আত্মপ্রকাশের পটভূমি এবং আত্মহত্যা প্রতিরোধে বিশেষজ্ঞ মতামত তুলে ধরেন। এরপর সংগঠনের উপদেষ্টা ডা. হেলাল উদ্দিন আহমেদ আত্মহত্যা প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্বশীলতার কথা তুলে ধরেন।
এছাড়া সেমিনারে বিটিএফের সাধারণ সম্পাদক ডা. ফারশিদ ভুঁইয়া, রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্টের সভাপতি নাহার ফেরদৌসি বেগম, রোটারি ইন্টারন্যাশনালের প্রাক্তন জেলা গভর্নর সেলিম রেজা বক্তব্য রাখেন। সেমিনারটি আয়োজনে সমন্বয় করেন রোটারি আরবানার সাবেক সভাপতি ফারহানা ফেরদউস। এর আগে আয়োজকবৃন্দ সকালে শহিদ মিনার থেকে সচেতনতামূলক শোভাযাত্রা বের করেন । —প্রেস বিজ্ঞপ্তি
