ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তামিলনাড়ুর মামাল্লাপুরাম সমুদ্রসৈকতে পড়ে থাকা প্লাস্টিকের বোতল, প্লেটসহ অন্যান্য আবর্জনা পরিষ্কার করেছেন। গতকাল শনিবার তাজ ফিশারম্যানের কোভ রিসোর্ট অ্যান্ড স্পা হোটেলের বাইরের সৈকতে প্রায় আধা ঘণ্টা ধরে আবর্জনা পরিষ্কার করেন তিনি।
দুই দিনের অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নিতে শুক্রবার তামিলনাড়ুর মামাল্লাপুরাম শহরে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনিপিং। ঐতিহাসিক এই শহরে দুই দিনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন দুই নেতা। এসব কর্মসূচির ফাঁকে শনিবার ভোরে কালো টি-শার্ট ও পাজামা পরিহিত মোদি সৈকতে ঘুরতে বের হন। এ সময় তার হাতে প্লাস্টিকের বড়ো একটি ব্যাগ দেখা যায়। এতে তিনি সৈকতের বালুতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক বর্জ্য ও পানির বোতল কুড়িয়ে নেন। খালি পায়ে হাঁটতে বের হওয়া মোদিকে সৈকতের বালু থেকে স্লিপার স্যান্ডেলও বর্জ্য হিসেবে তুলে নিতে দেখা যায়। এসব স্লিপার সাধারণত পাঁচ তারকা হোটেলে অতিথিদের সরবরাহ করা হয়ে থাকে। ঐ আবর্জনা তোলার একটি ভিডিও নিজের টুইটারে প্রকাশ করেন মোদি। এ সময় তিনি লিখেছেন, মামাল্লাপুরাম সৈকতে আজ সকালে ‘প্লোগিং’ করেছি। এটা ৩০ মিনিটেরও বেশি স্থায়ী হয়। আমার ‘সংগ্রহ’ জেয়ারাজের কাছে দিয়েছি, তিনি হোটেলের একজন কর্মী। আমাদের জনসমাগমের স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। নিশ্চিত করুন আমরা যেন স্বাস্থ্যবান আর সবল থাকি। খবর :বিবিসি।
