বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সাবেক এমপি মোঃ হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে দায়েরকৃত দুটি মামলার বিচার কার্যক্রম চলবে। মামলা বাতিল চেয়ে তাদের করা পৃথক দুটি আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার পৃথক পৃথক এ রায় দেন। এই রায়ের ফলে মির্জা আব্বাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের মামলা চলবে বলে জানিয়েছেন দুদক ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
ঘোষিত আয়ের বাইরে ৫ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ২৩৪ টাকার সম্পদ থাকা এবং ৩৩ লাখ ৪৮ হাজার ৫৮১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট নগরীর রমনা থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা করে দুদক। বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এ এ মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। এ অবস্থায় মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি।
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে একশ’ বান্ডিল ত্রাণের ঢেউটিন উদ্ধারের ঘটনায় ভোলার বোরহানউদ্দিন থানায় হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে মামলা হয়। এই মামলা বাতিল চেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন। ওই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে। গতকাল শুনানি শেষে হাইকোর্ট জারিকৃত রুল খারিজ করে দেয়। এছাড়া ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে বলা হয়েছে। প্রসঙ্গত মামলাটি ভারপ্রাপ্ত বিভাগীয় বিশেষ জজ আদালত বরিশালে বিচারাধীন রয়েছে। মামলাটিতে ইতোমধ্যে ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
